﻿গীত.
129.
একটি আরোহণ সংগীত। “আমার যৌবনকাল থেকে তারা আমাকে অনেক নির্যাতন করেছে,” ইস্রায়েল বলুক; 
“আমার যৌবনকাল থেকে তারা আমাকে অনেক নির্যাতন করেছে, কিন্তু তারা আমার উপর জয়লাভ করতে পারেনি। 
চাষিরা আমার পিঠে লাঙল চালিয়েছে এবং তারা লম্বা লাঙলরেখা টেনেছে। 
কিন্তু সদাপ্রভু ধর্মময়; তিনি দুষ্টদের দড়ি কেটে আমাকে মুক্ত করেছেন।” 
যারা সিয়োনকে ঘৃণা করে তারা সবাই লজ্জিত হয়ে ফিরে যাক। 
তারা ছাদের উপর জন্মানো ঘাসের মতো হোক যা বেড়ে ওঠার আগেই শুকিয়ে যায়; 
শস্যচ্ছেদক এসব দিয়ে তার হাত ভর্তি করতে পারে না, যে আঁটি বাঁধে সেও এসব দিয়ে তার কোল ভরাতে পারে না। 
পথিকেরা যেন তাদের একথা না বলে, “সদাপ্রভুর আশীর্বাদ তোমাদের উপর হোক; সদাপ্রভুর নামে আমরা তোমাদের আশীর্বাদ করি।” 
