﻿গীত.
121.
একটি আরোহণ সংগীত। আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি— কোথা থেকে আমার সাহায্য আসে? 
স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সদাপ্রভুর কাছ থেকে আমার সাহায্য আসে। 
তিনি তোমাকে হোঁচট খেতে দেবেন না, তোমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না; 
সত্যিই, যিনি ইস্রায়েলের রক্ষক, তিনি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হবেন না। 
সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভু তোমার ডানদিকে তোমার ছায়া; 
দিনে সূর্য তোমার ক্ষতি করবে না, এমনকি রাতে চাঁদও করবে না। 
সদাপ্রভু তোমাকে সব অমঙ্গল থেকে রক্ষা করবেন আর তিনি তোমার প্রাণরক্ষা করবেন; 
তোমার যাওয়া-আসার পথে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন এখন থেকে চিরকাল পর্যন্ত। 
