﻿গীত.
46.
সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের গীত। অলামোৎ অনুসারে। ঈশ্বর আমাদের আশ্রয় ও বল, সংকটকালে সদা উপস্থিত সহায়। 
অতএব আমরা ভয় করব না, যদিও পৃথিবী কম্পিত হয় এবং সমুদ্রের বুকে পর্বতসকল পতিত হয়, 
যদিও সমুদ্র গর্জন করে ও প্রচণ্ড হয়, এবং উথাল জলে পর্বতসকল কেঁপে উঠে। 
এক নদী আছে যার জলস্রোত ঈশ্বরের নগরীকে, পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে। 
ঈশ্বর সেই নগরীর মধ্যে আছেন, তার পতন হবে না; দিনের শুরুতেই ঈশ্বর তাকে সাহায্য করবেন। 
জাতিরা বিশৃঙ্খলতায় পূর্ণ এবং তাদের রাজ্যগুলি পতিত হয়; ঈশ্বরের কণ্ঠস্বর গর্জন করে এবং পৃথিবী গলে যায়! 
সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন; যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ। 
এসো এবং দেখো, সদাপ্রভু কী করেন, দেখো, কীভাবে তিনি এই জগতে ধ্বংস নিয়ে আসেন। 
তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত যুদ্ধ বন্ধ করেন। তিনি ধনুক ভেঙে দেন ও বর্শা চূর্ণ করেন; তিনি ঢালগুলি আগুনে পুড়িয়ে দেন। 
তিনি বলেন, “শান্ত হও, আর জানো, আমিই ঈশ্বর; সমস্ত জাতিতে আমি মহিমান্বিত হব, সমস্ত পৃথিবীতে আমি মহিমান্বিত হব।” 
সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন; যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ। 
