﻿হোশেয়.
6.
“এসো, চল আমরা প্রভুর কাছে ফিরে যাই| তিনি আমাদের আঘাত করেছেন, কিন্তু তিনিই আমাদের আরোগ্য করবেন| তিনি আমাদের আহত করেছিলেন, কিন্তু তিনি আমাদের (ক্ষতস্থানগুলিকে) পটি দিয়ে বেঁধে দেবেন| 
দুদিন বাদে তিনি আমাদের জীবন ফিরিয়ে দেবেন| তৃতীয় দিনে, তিনি আমাদের ওঠাবেন| তাহলে আমরা তাঁর সামনে বেঁচে থাকতে পারব| 
এস, প্রভুর সম্বন্ধে আমরা জ্ঞান সঞ্চয় করি| প্রভুকে জানবার জন্য আপ্রাণ চেষ্টা করি| যে রকম নিশ্চিত ভাবে আমরা জানি যে ভোর হতে চলেছে সে রকম ভাবেই আমরা নিশ্চিত যে তিনি আসছেন| প্রভু আমাদের কাছে বৃষ্টির মতো আসবেন, বসন্তের বৃষ্টির জল যেভাবে মাটিকে সিক্ত করে|” 
“ইফ্রয়িম, তোমার সঙ্গে আমি কি করব? যিহূদা, তোমার সঙ্গে আমি কি করব? তোমার বিশ্বস্ততা তো ভোরের কুয়াশার মতো, তোমার বিশ্বস্ততা তো শিশিরের মতো, যা সকালে মিলিয়ে যায়| 
তাই আমি তাদের ভাববাদীদের দ্বারা কেটে ফেলেছি| আমার আদেশেই তাদের হত্যা করা হয়েছে; যাতে ন্যায় তোমার কাছ থেকে আলোর মতো বেরিয়ে যেতে পারে| 
কারণ, আমি বিশ্বাসপূর্ণ ভালোবাসা চাই, উৎসর্গ নয়| আমি চাই লোকে ঈশ্বরকে জানুক, হোমবলি উৎসর্গ নয়| 
কিন্তু লোকে চুক্তি ভেঙে ছিল, ঠিক আদম যে ভাবে ভেঙে ছিল| তাদের রাজ্যে তারা আমার প্রতি অবিশ্বস্ত| 
গিলিয়দ অধর্মচারীদের শহর| সেখানকার লোকরা চালাকি করে অন্যদের হত্যা করেছে| 
ডাকাতরা লুকিয়ে থাকে, পথে কাউকে আক্রমণ করার জন্য অপেক্ষা করে| একই ভাবে, যাজকরা শিখিমের রাস্তার ওপর অপেক্ষা করে এবং পথচারীদের আক্রমণ করে তারা অনেক অন্যায় করেছে| 
ইস্রায়েল জাতির মধ্যে একটি ভয়ঙ্কর জিনিস দেখেছি| ইফ্রয়িম ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত ছিল| পাপে ইস্রায়েল নোংরা হয়ে গেছে| 
যিহূদা, তোমার জন্য ফসল কাটারও একটা সময় আছে| যখন আমি আমার লোকদের বন্দী দশা থেকে ফিরিয়ে আনব, তখনই এটা ঘটবে|” 
