﻿গীতসংহিতা.
144.
দায়ূদের একটি গীত| প্রভু আমার শিলা, আমার নিরাপদ স্থান; প্রভুর প্রশংসা কর! প্রভু আমার হাতগুলোকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেন| তিনি আমার আঙ্গুলগুলিকে সংগ্রামের জন্য প্রশিক্ষণ দেন| 
প্রভু আমায় ভালোবাসেন এবং রক্ষা করেন| উঁচু পাহাড়ে প্রভু আমার নিরাপদ আশ্রয়স্থল, প্রভুই আমায় উদ্ধার করেন| প্রভুই আমার ঢাল| আমি তাঁকে বিশ্বাস করি| আমার লোকদের তিনি আমার অধীনস্থ করেন| 
প্রভু, লোকরা কেন আপনার কাছে এত গুরুত্বপূর্ণ? কেন আপনি আমাদের সম্বন্ধে যত্ন নেন| 
একজন লোকের জীবন বাতাসের ফুত্‌কারের মত| একজন মানুষের জীবন চলমান ছায়ার মত| 
প্রভু, আকাশ বিদীর্ণ করে নেমে আসুন| পর্বত স্পর্শ করুন, পর্বত থেকে ধোঁয়া বেরিয়ে আসবে| 
হে প্রভু, আপনি বিদ্যুতের চমক পাঠান এবং আমার শত্রুদের ছত্রভঙ্গ করুন| আপনার “তীরগুলি” নিক্ষেপ করুন এবং তাদের পালাতে বাধ্য করুন| 
প্রভু, স্বর্গ থেকে নেমে আসুন এবং আমায় রক্ষা করুন! শত্রুর সাগরে আমাকে ডুবে যেতে দেবেন না| এই সব বিদেশীদের হাত থেকে আমায় রক্ষা করুন| 
এই শত্রুরা মিথ্যাবাদী| ওরা এমন কথা বলে যা সত্য নয়| 
প্রভু যে সব বিস্ময়কর কাজ আপনি করেন, সে সম্পর্কে আমি একটা নতুন গান গাইবো| দশতারা বীণা বাজিয়ে আমি আপনার প্রশংসা করবো| 
রাজাদের তাঁদের যুদ্ধসমূহে জয়ী হতে প্রভু সাহায্য করেন| প্রভু তাঁর দাস দায়ূদকে শত্রুর তরবারি থেকে রক্ষা করেছেন| 
এই বিদেশীর হাত থেকে আমায় রক্ষা করুন| এইসব শত্রুরা মিথ্যাবাদী| ওরা এমন কথা বলে যা সত্য নয়| 
আমাদের তরুণ ছেলেরা শক্ত গাছের মত| আমাদের কন্যারা প্রাসাদের অনুপম কারুকার্যের মত| 
আমাদের গোলাগুলি সব রকম ফসলে পূর্ণ| আমাদের চারণক্ষেত্রে হাজারে হাজারে মেষ রয়েছে| 
আমাদের সৈন্যরা সুরক্ষিত| কোন শত্রু জোর করে এখানে প্রবেশ করতে চাইছে না| আমরাও যুদ্ধ করতে যাচ্ছি না| রাস্তাগুলোতে লোকজন চিৎকার করছে না| 
এই রকম সময় লোকজন ভীষণ খুশী| প্রভু যদি স্বয়ং তাদের ঈশ্বর হন লোকজন ভীষণ খুশী হয়| 
