﻿গীতসংহিতা.
139.
সঙ্গীত পরিচালকের প্রতি| দায়ূদের একটি প্রশংসা গীত| প্রভু আপনি আমায় পরীক্ষা করেছেন| আমার সম্পর্কে আপনি সবই জানেন| 
আমি কখন বসি এবং উঠি আপনি তাও জানেন| বহু দূর থেকেই আপনি আমার চিন্তা-ভাবনা জানতে পারেন| 
প্রভু, আমি কোথায় যাই এবং আমি কোথায় শুই তাও আপনি জানেন| আমি যা করি তার সবই আপনি জানেন| 
প্রভু, আমি কিছু বলার আগেই আপনি বুঝে যান আমি কি বলতে চাই| 
প্রভু, আপনি আমার সামনে পিছনে আমার চারদিকে রয়েছেন| নম্রভাবে আমার ওপর আপনার হাত রাখুন| 
আপনি যা জানেন তাতে আমি বিস্ময়াভিভূত| এটা আমার বোধের অতীত| 
যেখানে যেখানে আমি যাই সর্বত্রই আপনার আত্মা বিরাজ করে| হে প্রভু, আমি আপনার কাছ থেকে পালাতে পারি না| 
হে প্রভু, যদি আমি স্বর্গলোকে যাই, আপনি সেখানে রয়েছেন| যদি আমি পাতালে যাই, আপনি সেখানেও রয়েছেন| 
প্রভু, যেখানে সূর্যের উদয় হয় সেই পূর্বদিকে যদি আমি যাই আপনি সেখানে রয়েছেন| যদি আমি পশ্চিমের সমুদ্রে যাই সেখানেও আপনি রয়েছেন| 
সেখানেও আপনার ডান হাত আমায় ধরে থাকে এবং আমায় পরিচালিত করে| 
প্রভু, আমি আপনার কাছ থেকে লুকিয়ে থাকতে চাইতে পারি এবং বলতে পারি, “দিনের আলো এখন রাত্রিতে বদলে গেছে| নিশ্চয়ই অন্ধকার আমাকে লুকিয়ে দেবে|” 
কিন্তু অন্ধকার আপনার কাছে অন্ধকার নয়| প্রভু, রাত আপনার কাছে দিনের মতই উজ্জ্বল| 
প্রভু আপনি আমার সারা দেহ সৃষ্টি করেছেন| যখন আমি মাতৃদেহে ছিলাম তখনও আপনি আমার সম্পর্কে সব জানতেন| 
প্রভু, আমি আপনার প্রশংসা করি! আপনি অত্যন্ত বিস্ময়-বিহ্বলভাবে ও চমৎ‌‌কার ভাবে আমাকে সৃষ্টি করেছেন| আমি খুব ভালোভাবে জানি যে আপনি যা কিছু করেছেন সবই চমৎ‌‌কার| 
আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন| মায়ের দেহে লুকিয়ে যখন আমার শরীর বড় হচ্ছিলো তখন আপনি আমার অস্থি মজ্জাকে পর্যন্ত লক্ষ্য করেছিলেন| 
আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আপনি বাড়তে দেখেছিলেন| আপনার গ্রন্থে আপনি সে সম্বন্ধে লিখে রেখেছেন| প্রত্যেকদিন আপনি আমার ওপর লক্ষ্য রেখেছেন| তার মধ্যে একটাও হারিয়ে যায় নি| 
আপনার চিন্তাগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ| ঈশ্বর আপনি কত জানেন! 
যদি আমি আপনার চিন্তাগুলোকে গুনতে পারতাম, তারা সংখ্যায় সমস্ত বালুকণার চেয়ে বেশী হতো এবং যখন আমি শেষ করতাম, তখনও আমি আপনার সঙ্গে থাকতাম| 
ঈশ্বর, দুষ্ট লোকদের শেষ করে দিন| ওই ঘাতকদের আমার থেকে দূরে সরিয়ে নিন| 
ওই মন্দ লোকরা আপনার সম্পর্কে মন্দ কথা বলে| ওরা আপনার নাম সম্পর্কে বাজে কথা বলে| 
প্রভু যারা আপনাকে ঘৃণা করে আমি তাদের ঘৃণা করি| যারা আপনার বিরুদ্ধে যায় তাদের আমি ঘৃণা করি| 
আমি তাদের পুরোপুরি ঘৃণা করি! আপনার শত্রুরা আমারও শত্রু| 
হে প্রভু, আমার দিকে দেখুন এবং আমার অন্তরকে জানুন| আমায় পরীক্ষা করুন এবং আমার চিন্তাগুলো জানুন| 
দেখুন কোন মন্দ চিন্তা আমার মনে আছে কিনা এবং আমাকে সেই পথে পরিচালিত করুন যে পথ চির বিরাজমান থাকে| 
