﻿গীতসংহিতা.
137.
বাবিলের নদীগুলির তীরে আমরা বসেছিলাম এবং যখন সিয়োনের কথা মনে পড়েছিল, তখন আমরা কেঁদেছিলাম| 
আমরা আমাদের বীণাগুলি নিকটবর্তী বাইশী গাছে ঝুলিয়ে রেখেছিলাম| 
বাবিলের লোকরা যারা আমাদের অধিকার করেছিল, তারা আমাদের গান গাইতে বলেছিলো| ওরা আমাদের আনন্দের গান গাইতে বলেছিলো| ওরা আমাদের সিয়োন সম্পর্কে গান গাইতে বলেছিলো| 
কিন্তু বিদেশ বিভুঁইতে আমরা প্রভুর গান গাইতে পারি না! 
জেরুশালেম, কখনও যদি আমি তোমাকে ভুলে যাই, তাহলে যেন আমি বাজনা বাজাতে ভুলে যাই| 
জেরুশালেম কখনও যদি আমি তোমাকে ভুলে যাই, তাহলে যেন আবার আমি গান না গাই| আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে কখনও ভুলবো না| 
আমি প্রতিজ্ঞা করছি যে, জেরুশালেম সর্বদাই আমার শ্রেষ্ঠতম আনন্দ হবে| হে প্রভু, জেরুশালেমের পতনের দিন ইদোমীয়রা কি করেছিল মনে রাখবেন| তারা চিৎকার করে বলেছিল, “ভেঙ্গে ফেলো, আমূল ভেঙে ফেলো!” 
বাবিল তুমি ধ্বংস হয়ে যাবে! সেই লোকই ধন্য যে তোমার প্রাপ্য শাস্তি তোমাকে দেয়| সেই মানুষের প্রশংসা হোক্ যে লোক, তোমাকে সেই ভাবে আঘাত করে, যেমন তুমি আমাদের আঘাত করেছিলে| 
সেই লোক ধন্য যে তোমাদের শিশুদের আঁকড়ে ধরে আর তাদের পাথরে পিষে ফেলে| 
