﻿গীতসংহিতা.
127.
মন্দির পর্যন্ত যাওয়ার জন্য শলোমনের একটি গীত| যদি প্রভু স্বয়ং একটি বাড়ী না তৈরী করেন, তাহলে নির্মাণকারীরা বৃথাই তাদের সময় নষ্ট করছে| যদি প্রভু স্বয়ং শহরের নজরদারি না করেন তাহলে রক্ষী বৃথাই তার সময় নষ্ট করছে| 
জীবিকার জন্য ভোরে ওঠা এবং অধিক রাত পর্যন্ত কাজ করা অবশ্যই সময়ের অপচয়| ঈশ্বর যাদের ভালোবাসেন তাদের রাত্রে সুনিদ্রা দেন| 
শিশুরা ঈশ্বরেরই উপহার| তারা হল মায়ের গর্ভ থেকে পাওয়া পুরস্কার| 
একজন যুবকের ছেলেরা একজন সৈনিকের তূণের ভেতর থেকে বেরিয়ে আসা তীরের মত| 
যে লোক তার তূণকে সন্তান দ্বারা পূর্ণ করে সে ধন্য হবে| সেই লোক কখনই পরাজিত হবে না নগরের ফটকগুলিতে, তার সন্তানরা তাকে তার শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ করবে| 
