﻿গীতসংহিতা.
124.
মন্দির পর্যন্ত যাওয়ার জন্য দায়ূদের রচিত একটি গীত| যদি প্রভু আমাদের দিকে না থাকতেন তাহলে কি হতে পারত? হে ইস্রায়েল, আমাকে উত্তর দাও| 
যখন লোকে আমাদের আক্রমণ করেছিলো, তখন যদি প্রভু আমাদের দিকে না থাকতেন তাহলে কি অবস্থা হত? 
যখন আমাদের শত্রুরা আমাদের প্রতি ক্রুদ্ধ হয়েছিলো, তখন হয়তো তারা আমাদের জ্যান্ত গিলে ফেলত| 
আমাদের শত্রুরা আমাদের বন্যার মত ধুয়ে দিয়ে যেতো, নদীর মত ডুবিয়ে দিয়ে যেতো| 
ঐ গর্বিত লোকরা মুখের ওপর ছাড়িযে যাওয়া জলের মত হত এবং আমাদের ডুবিয়ে দিত| 
প্রভুর প্রশংসা কর! প্রভু আমাদের শত্রুদের হাতে, আমাদের ধরা পড়তে ও হত হতে দেন নি| 
আমরা সেই পাখির মত, যে জালে জড়িয়ে পড়েও পালিয়ে গিয়েছিলো| জাল ছিঁড়ে গেল এবং আমরা পালিয়ে গেলাম| 
প্রভুর কাছ থেকে আমাদের সাহায্য আসে| প্রভুই স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন| 
