﻿গীতসংহিতা.
113.
প্রভুর প্রশংসা কর! প্রভুর দাসরা, তাঁর প্রশংসা কর! প্রভুর নামের প্রশংসা কর| 
প্রভুর নাম এখনকার জন্য এবং চিরকালের জন্য ধন্য হোক্| 
যেখানে পূর্বদিকে সূর্যোদয় হয় সেখান থেকে শুরু করে পশ্চিমে যেখানে সূর্য অস্ত যায় সেখান পর্যন্ত প্রভুর নামের প্রশংসা হোক্| 
প্রভু, সমস্ত জাতিগুলির উর্দ্ধে| তাঁর মহিমা আকাশ পর্যন্ত যায়| 
কোন ব্যক্তিই আমাদের প্রভু ঈশ্বরের মত নয়| ঈশ্বর স্বর্গের উঁচু আসনে বসেন| 
ঈশ্বর আমাদের থেকে এত উঁচুতে আছেন যে আকাশ ও পৃথিবীকে দেখতে হলে তাঁকে নীচের দিকে তাকাতে হয়| 
ঈশ্বর দরিদ্র লোকদের ধূলো থেকে ওপরে তোলেন| আস্তাকুঁড় থেকে ঈশ্বর ভিখারীদের তুলে আনেন| 
এবং সেই সব লোকদের ঈশ্বর খুব গুরুত্বপূর্ণ করে তোলেন| ঈশ্বর তাদের লোকদের ওপর নেতৃত্ব করবার জন্য উচ্চ স্থানগুলি দেন| 
একজন নারীর কোন সন্তান না থাকতে পারে| কিন্তু ঈশ্বর তাকে সন্তান দেন ও সুখী করেন| প্রভুর প্রশংসা কর! 
