﻿গীতসংহিতা.
111.
প্রভুর প্রশংসা কর! যেখানে সৎ‌ লোকেরা জমায়েত হয়, সেই মণ্ডলীতে আমি সমস্ত অন্তর দিয়ে প্রভুকে ধন্যবাদ দিই| 
প্রভু বিস্ময়কর কাজকর্ম করেন| ঈশ্বরের কাছ থেকে যে সব ভালো জিনিস আসে লোকরা তা চায়| 
ঈশ্বর প্রকৃতই বিস্ময়কর এবং মহিমাময় কার্য করেন| তাঁর ধার্মিকতা চিরদিনই বিরাজ করে| 
ঈশ্বর, আশ্চর্য্য কার্য করেন যাতে আমরা মনে রাখি যে প্রভু সত্যিই দয়াময় ও ক্ষমাশীল| 
ঈশ্বর, তাঁর অনুগামীদের আহার দেন| ঈশ্বর চিরদিন তাঁর চুক্তি স্মরণে রাখেন| 
ঈশ্বর যে সব শক্তিশালী জিনিসগুলি করেছেন তা তাঁর লোকজনের কাছে প্রমাণ করেছে যে তিনি অন্য জাতিসমূহের অধিকারভুক্ত দেশ তাদের দিয়েছিলেন| 
ঈশ্বর যা কিছু করেন সবই সুন্দর ও যথাযথ| তাঁর সব আজ্ঞাকেই নির্ভর করা চলে| 
ঈশ্বরের আজ্ঞাসমূহ চিরদিন বজায় থাকবে| যে কারণে ঈশ্বর আজ্ঞাগুলি দিয়েছিলেন সেগুলি ছিল সৎ‌ ও আন্তরিক| 
তাঁর লোকেদের উদ্ধার করার জন্য ঈশ্বর কাউকে পাঠিয়েছিলেন এবং ঈশ্বর তাদের সঙ্গে যে চুক্তি করেছেন তা চিরদিন বজায় থাকবে| ঈশ্বরের নাম ভয়ঙ্কর এবং পবিত্র| 
ঈশ্বরের প্রতি ভয় এবং শ্রদ্ধা থেকেই প্রজ্ঞার সূত্রপাত হয়| যারা ঈশ্বরকে মান্য করে তারা খুব বিচক্ষণ| চিরদিন ঈশ্বরের প্রতি প্রশংসাগীত গাওয়া হবে| 
