﻿গীতসংহিতা.
101.
দায়ূদের একটি গীত| আমি প্রেম এবং ন্যায়ের গান গাইবো| প্রভু, আমি আপনার উদ্দেশ্যে গান গাইবো| 
আমি একজন বিচক্ষণ লোকের মত শুদ্ধ হৃদয় নিয়ে একটি শুদ্ধ জীবনযাপন করব| আপনি আমার গৃহের একান্ত অভ্যন্তরভাগে কখন আসবেন? 
আমার সামনে কোন মূর্ত্তি আমি রাখবো না| ওরকম ভাবে যারা আপনার বিরুদ্ধে যায় তাদের আমি ঘৃণা করি| আমি তা করবো না! 
আমি সৎ‌ থাকবো| আমি কোন মন্দ কাজ করবো না| 
যদি কেউ গোপনে তার প্রতিবেশী সম্পর্কে মন্দ কথা বলে, আমি তাকে চুপ করিয়ে দেবো| আমি লোকেদের কখনই উদ্ধত হতে দেবো না এবং তাদের ভাবতে দেবো না যে তারা অন্যান্যদের চেয়ে ভালো| 
আমি সমস্ত দেশের মধ্যে সেই সব লোকেদের খুঁজবো যাদের ওপর নির্ভর করা যায়| এবং একমাত্র তাদেরই আমার সেবা করতে দেবো| যারা পবিত্র জীবনযাপন করে একমাত্র তারাই আমার সেবক হবে| 
আমি মিথ্যেবাদীদের আমার গৃহের গোপন অভ্যন্তরভাগে বাস করতে দেব না| 
এই দেশে যে সব মন্দ লোক বাস করে, সব সময়েই আমি তাদের ধ্বংস করবো| মন্দ লোকদের আমি প্রভুর শহর ছেড়ে যেতে বাধ্য করবো| 
