﻿গীতসংহিতা.
98.
একটি প্রশংসা গীত প্রভুর উদ্দেশ্যে একটা নতুন গান গাও, কারণ তিনি নতুন নতুন আশ্চর্য্য কার্য করেছেন! তাঁর পবিত্র ডান বাহু আবার তাঁকে বিজয় এনে দিয়েছে| 
প্রভু জাতিগুলোর নিকট তাঁর উদ্ধার করার শক্তি প্রকাশ করেছেন| প্রভু তাদের তাঁর ন্যায়পরায়ণতা প্রদর্শন করেছেন| 
ইস্রায়েলের লোকদের প্রতি প্রভুর বিশ্বস্ততা তাঁর অনুগামীরা স্মরণ করে| দূরদূরান্তের দেশও আমাদের ঈশ্বরের ত্রাণশক্তি দেখেছে| 
পৃথিবীর প্রত্যেকটি মানুষ, প্রভুর উদ্দেশ্যে আনন্দধ্বনি দাও| শীঘ্রই প্রশংসা গীত শুরু কর! 
হে বীণা, প্রভুর প্রশংসা কর| বীণার সুর প্রভুর প্রশংসা কর| 
ভেঁপু ও বাঁশি বাজাও এবং আমাদের রাজা প্রভুর উদ্দেশ্যে আনন্দ ধ্বনি দাও! 
সমুদ্র এবং পৃথিবী এবং যেখানে যা কিছু আছে সবাই যেন উচ্চস্বরে গেয়ে ওঠে| 
হে নদীসমূহ, তোমরা হাততালি দাও! হে পর্বতরাজি, তোমরা একসঙ্গে গেয়ে ওঠো! 
প্রভুর সামনে গান গাও কেননা তিনি বিশ্বকে শাসন করতে আসছেন| তিনি ন্যায়পরায়ণতার সঙ্গে এই বিশ্বকে শাসন করবেন| তিনি সততার সঙ্গে লোকদের শাসন করবেন| 
