﻿গীতসংহিতা.
91.
গুপ্ত আশ্রয় লাভের জন্য তুমি পরাৎ‌‌পরের কাছে যেতে পারো| সুরক্ষার জন্য তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যেতে পারো| 
আমি প্রভুকে বলেছি, “আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল, আপনিই আমার দুর্গ| হে আমার ঈশ্বর, আমি আপনাকে বিশ্বাস করি|” 
ভয়ঙ্কর ব্যাধি এবং গুপ্ত বিপদ থেকে ঈশ্বর তোমায় রক্ষা করবেন| 
নিরাপত্তার জন্য তুমি ঈশ্বরের কাছে যেতে পারো| যেমন করে পাখি তার ডানা মেলে তার শাবকদের আগলে রাখে, তেমন করে, ঈশ্বর তোমায় রক্ষা করবেন| তোমায় রক্ষা করার জন্য ঈশ্বর হবেন একটি ঢাল ও প্রাচীরের মত| 
রাতে তোমার ভয় পাওয়ার মতো কিছু থাকবে না| দিনের বেলাতেও শত্রুর তীরকে তুমি ভয় পাবে না| 
নিশাকালে যে অসুখ আসে তাকে তুমি ভয় পাবে না, কিংবা দিনের বেলায় যে ভয়ঙ্কর অসুস্থতা আসে তাকেও তুমি ভয় পাবে না| 
তুমি 1000 হাজার শত্রুকে পরাজিত করতে পারবে| তোমার নিজের ডান হাত 10,000 শত্রু সৈন্যকে পরাজিত করবে| শত্রুরা তোমায় স্পর্শ পর্যন্ত করতে পারবে না! 
লক্ষ্য করে দেখ, দেখবে যে ওই দুষ্ট লোকদের শাস্তি হয়েছে! 
কেন? কারণ তুমি ঈশ্বরে আস্থা রাখ| কারণ পরাৎ‌‌পরকে তুমি তোমার নিরাপদ আশ্রয়স্থলরূপে গ্রহণ করেছ| 
তোমার কোন অমঙ্গল হবে না| তোমার বাড়ীতে কোন অসুখ থাকবে না| 
ঈশ্বর তাঁর দূতদের আজ্ঞা দেবেন এবং তুমি যেখানেই যাবে তারা তোমায় রক্ষা করবে| 
তোমার পা যাতে পাথরে হোঁচট না খায়, সেই জন্য ওদের হাত তোমায় ধরে থাকবে| 
বিষধর সাপ, এমন কি সিংহের মধ্যে দিয়েও তুমি হেঁটে যেতে পারবে| 
প্রভু বলেন, “যদি কোন ব্যক্তি আমাকে ভালবাসে এবং বিশ্বাস করে, আমি তাকে রক্ষা করবো| আমার অনুগামীরা যারা আমার নাম উপাসনা করে, তাদের আমি রক্ষা করবো| 
আমার অনুগামীরা সাহায্যের জন্য আমায় ডাকবে এবং আমি তাদের সাড়া দেবো| যখন তারা সমস্যায় পড়বে তখন আমি ওদের সঙ্গে থাকবো| আমি ওদের রক্ষা করবো এবং সম্মান দেবো| 
আমার অনুগামীদের আমি দীর্ঘ জীবন দেবো| আমি ওদের রক্ষা করবো|” 
