﻿গীতসংহিতা.
90.
ঈশ্বরের লোক, মোশির প্রার্থনা| হে প্রভু, আমাদের সমস্ত প্রজন্মের জন্য আপনি আমাদের গৃহ ছিলেন| 
হে ঈশ্বর, পর্বতমালার জন্মের আগে, এই পৃথিবীর এবং জগৎ‌‌ সৃষ্টির আগে, আপনিই ঈশ্বর ছিলেন| হে ঈশ্বর, আপনি চিরদিন ছিলেন এবং আপনি চিরদিন থাকবেন| 
এই পৃথিবীতে আপনিই মানুষকে এনেছেন| আপনি পুনরায় তাদের ধূলোয় পরিণত করেন| 
আপনার কাছে হাজার বছর গতকালের মত, যেন গত রাত্রি| 
আপনি আমাদের ঝেঁটিয়ে বিদায় করে দেন, আমাদের জীবন একটা স্বপ্নের মত, সকাল হলেই আমরা চলে যাই| আমরা ঘাসের মত| 
সকালে ঘাসগুলো জন্মায় এবং বিকেলে তা শুকিয়ে মরে যায়| 
ঈশ্বর, আপনার ক্রোধ আমাদের ধ্বংস করে দিতে পারে এবং তা আমাদের ভীত করে! 
আমাদের সব পাপ আপনি জানেন| ঈশ্বর, আমাদের প্রত্যেকটি গোপন পাপ আপনি দেখতে পান| 
আপনার ক্রোধ আমাদের জীবন শেষ করে দিতে পারে| ফিস্ফিসানি কথার মত আমাদের জীবন শেষ হয়ে যায়| 
আমরা হয়তো বা 70 বছর বেঁচে থাকি| যদি আমরা শক্তিশালী হই তাহলে হয়তো 80 বছর বেঁচে থাকতে পারি| আমাদের জীবন কঠোর পরিশ্রম এবং যন্ত্রণায় ভরা| তারপর হঠাৎ‌‌ আমাদের জীবন শেষ হয়ে যায় এবং আমরা উড়ে চলে যাই| 
হে ঈশ্বর, আপনার ক্রোধের পূর্ণ শক্তি কতখানি তা কোন ব্যক্তিই জানে না| কিন্তু ঈশ্বর, আপনার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভয় আপনার ক্রোধের মতই বিরাট| 
আমাদের জীবন প্রকৃতপক্ষে যে কত ছোট তা আমাদের দেখান| যাতে আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারি| 
প্রভু সব সময় আমাদের মধ্যে ফিরে আসুন| আপনার দাসদের প্রতি সদয় হোন| 
প্রত্যেক প্রভাতে আপনার প্রেমে আমাদের ভরিয়ে দিন| আমাদের সুখী হতে দিন, এ জীবনকে উপভোগ করতে দিন| 
আমাদের জীবনে অনেক দুঃখ ও সমস্যা দিয়েছেন| এবার আমাদের সুখী করুন| 
যে সব অলৌকিক কাজ আপনি আপনার সেবকদের জন্য করেন, তা ওরা দেখুক| ওদের সন্তানদের আপনার মহিমা দেখতে দিন| 
ঈশ্বর আমাদের শ্রমে সাহায্য করুন| আমাদের শ্রম তাঁকে সাহায্য করুক| 
