﻿গীতসংহিতা.
86.
দায়ূদের প্রার্থনা| আমি একজন দীন, অসহায় মানুষ| প্রভু আমার কথা দয়া করে শুনুন এবং আমার প্রার্থনার উত্তর দিন| 
প্রভু, আমি আপনার অনুগামী, অনুগ্রহ করে আমায় রক্ষা করুন! আমি আপনার দাস, আপনি আমার ঈশ্বর| আমি আপনাতে বিশ্বাস করি, তাই আমায় রক্ষা করুন| 
হে আমার প্রভু, আমার প্রতি সদয় হোন| সারাদিন ধরে আমি আপনার কাছে প্রার্থনা করছি| 
প্রভু, আমার জীবন আমি আপনার হাতে দিলাম| আমি আপনার দাস, তাই আমায় সুখী করুন| 
প্রভু, আপনি মঙ্গলময় এবং করুণাময়| আপনার লোকেরা সাহায্যের জন্য আপনাকে ডাকে| প্রকৃতই আপনি ওই সব লোককে ভালোবাসেন| 
প্রভু, আমার প্রার্থনা শুনুন| করুণার জন্য আমার প্রার্থনা শুনুন| 
প্রভু, আমার সঙ্কটের সময়ে আমি আপনার কাছে প্রার্থনা করছি| আমি জানি আপনি আমায় উত্তর দেবেন! 
ঈশ্বর, আপনার মত কেউই নেই| আপনি যা করেছেন তা আর কেউ করতে পারবে না| 
প্রভু, আপনিই প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন| ওরা সবাই যেন এসে আপনার উপাসনা করে| ওদের সকলে যেন আপনার নামের সম্মান করে| 
ঈশ্বর, আপনি মহান এবং আপনি আশ্চর্য্য কার্য করেন! আপনি একমাত্র আপনিই ঈশ্বর! 
প্রভু, আপনার পথ সম্পর্কে আমায় শিক্ষা দিন এবং আমি আপনার সত্য পথ অবলম্বন করে বেঁচে থাকবো| আপনার উপাসনা করাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় করতে আমায় সাহায্য করুন| 
ঈশ্বর, প্রভু আমার, আমার সকল অন্তর দিয়ে আমি আপনার প্রশংসা করি| চিরদিন আমি আপনার নামের সম্মান করবো! 
ঈশ্বর আপনি আমার জন্য কত মহান ভালোবাসা প্রদর্শন করেছেন এবং মৃত্যুর হাত থেকে আমায় রক্ষা করেছেন| 
ঈশ্বর, অহঙ্কারী লোকরা আমায় আক্রমণ করছে| একদল নৃশংস লোক আমায় হত্যার চেষ্টা করছে| ওই সব লোক আপনাকে সম্মান করে না| 
প্রভু, আপনি দয়াময় ও করুণাময় ঈশ্বর| আপনি ধৈর্য্যশীল, বিশ্বস্ত এবং প্রেমে পরিপূর্ণ| 
ঈশ্বর, আমার প্রতি সদয় হোন এবং দেখান যে আপনি আমার কথা শুনেছেন| আমি আপনার দাস, আমায় শক্তি দিন| আমি আপনার দাস, আমায় রক্ষা করুন! 
ঈশ্বর, আপনি যে আমায় সাহায্য করবেন তা প্রদর্শন করে আমায় একটা চিহ্ন দিন| আমার শত্রুরা সেই চিহ্ন দেখবে এবং ওরা হতাশ হবে| সেটা প্রমাণ করবে যে আপনি আমার প্রার্থনা শুনেছেন এবং আপনি আমাকে সাহায্য করবেন| 
