﻿গীতসংহিতা.
85.
সঙ্গীত পরিচালকের প্রতি: কোরহ পরিবার থেকে একটি প্রশংসা গীত| প্রভু, আপনার রাজ্যের প্রতি সদয় হোন| যাকোবের লোকেরা বিদেশে নির্বাসিত| নির্বাসিতদের ওদের নিজের দেশে ফিরিয়ে নিয়ে আসুন| 
প্রভু, আপনার লোকেদের ক্ষমা করে দিন! ওদের পাপ মুছে দিন! 
প্রভু, আর ক্রুদ্ধ হবেন না| রাগে আত্মহারা হবেন না| 
হে আমাদের পরিত্রাতা ঈশ্বর, আমাদের ওপর ক্রুদ্ধ হওয়া থেকে বিরত হোন এবং আবার আমাদের গ্রহণ করুন| 
চিরদিনই কি আপনি আমাদের ওপর ক্রুদ্ধ থাকবেন? 
আবার আমাদের জীবন্ত করে দিন! আপনার লোকদের সুখী করুন| 
প্রভু আমাদের রক্ষা করুন এবং আপনি যে আমাদের ভালোবাসেন তা প্রদর্শন করুন| 
প্রভু ঈশ্বর কি বলেছেন তা আমি শুনেছি| তিনি বলেছেন, তাঁর লোকদের জন্য ও তাঁর অনুগামীদের জন্য শান্তি থাকবে| তিনি আরও বলেছেন, তাই ওদের আর কখনও নির্বোধ জীবনযাত্রায় ফিরে যাওয়া উচিৎ‌ হবে না| 
ঈশ্বর তাঁর অনুগামীদের খুব শীঘ্রই রক্ষা করবেন| আমরা খুব শীঘ্রই সম্মানের সঙ্গে আমাদের ভূখণ্ডে বাস করবো| 
তারা সত্য এবং করুণাকে অভিনন্দন জানাবে| তারা শান্তি ও ধার্ম্মিকতাকে চুমু খাবে| 
পৃথিবীর লোকরা ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান হবে| স্বর্গ থেকে ঈশ্বর ওদের মঙ্গল করবেন| 
প্রভু আমাদের অনেক ভালো জিনিস দেবেন| জমিগুলো প্রচুর পরিমাণে ভালো শস্য দেবে| 
ধার্ম্মিকতা ঈশ্বরের আগে আগে যাবে এবং তাঁর চলার পথ প্রস্তুত করবে| 
