﻿গীতসংহিতা.
64.
সঙ্গীত পরিচালকের প্রতি: দায়ূদের একটি গীত| ঈশ্বর, আমার কথা শুনুন| আমার শত্রু আমায় শাসাচ্ছে| আমাকে তার হাত থেকে রক্ষা করুন! 
শত্রুর গোপন চক্রান্ত থেকে আমায় রক্ষা করুন| ঐ মন্দ লোকেদের কাছ থেকে আমায় লুকিয়ে রাখুন| 
ওরা আমার সম্পর্কে খারাপ ও মিথ্যা কথা বলেছে| ওদের জিভ তীক্ষ্ণ তরবারির মত, ওদের তিক্ত কথা যেন বিভক্ত তীরের মত| 
ওদের গোপন ডেরা থেকে ওরা নির্ভয়ে এবং অতর্কিতে সরল ও সৎ‌ মানুষদের দিকে তীর ছোঁড়ে| 
মন্দ কাজে ওরা একে অন্যকে উৎসাহিত করে| ওরা ওদের ফাঁদ পাতার কথাবার্তা বলে, ওরা একে অন্যকে বলে, “কেউ এই ফাঁদ দেখতে পাবে না!” 
ওরা ওদের ফাঁদ লুকিয়ে রেখেছে| ওরা জীবন্ত বলিসমূহের সন্ধানে আছে| মানুষ খুব চতুর হতে পারে, তাই ওরা কি ফন্দি করছে তা জানা মুস্কিল| 
কিন্তু ঈশ্বরও ওদের দিকে “তীর” নিক্ষেপ করতে পারেন! এটা জানতে পারার আগেই দুষ্ট লোকরা জখম হয়ে যাবে| 
মন্দ লোকরা অন্য লোকের খারাপ করারই চিন্তা করে| কিন্তু ঈশ্বর ওদের দুষ্ট পরিকল্পনা ভেস্তে দিতে পারেন এবং ঐ কু-পরিকল্পনা ওদের ওপরেই ঘটাতে পারেন| তখন যারাই ওদের দেখবে তারা বিস্ময়ে অভিভূত হয়ে মাথা নাড়াবে| 
লোকরা দেখবে ঈশ্বর কি করেছেন| তাঁর সম্পর্কে তারা অন্য লোকদের বলবে| তখন প্রত্যেকে ঈশ্বর সম্পর্কে আরও বেশী জানতে পারবে| ওরা তাঁকে ভয় ও শ্রদ্ধা করতে শিখবে| 
একজন ভালো লোক আনন্দের সঙ্গে প্রভুর সেবা করে এবং তাঁর ওপর নির্ভর করে| একজন ভাল ও সৎ‌ লোক ঈশ্বরকে তার অন্তর থেকে প্রশংসা করে| 
