﻿গীতসংহিতা.
58.
পরিচালকের প্রতি: “বিনাশ করো না” গানটির পর্দায় গাওয়া দায়ূদের একটি মিকতাম| ওহে বিচারকগণ, তোমরা তোমাদের বিচারে ন্যায় সঙ্গত নও| তোমরা সৎ‌ভাবে লোকের বিচার করছো না| 
না, তোমরা শুধুই খারাপ কাজ করার কথা ভাবো| এই দেশে তোমরা হিংসাত্মক অপরাধসমূহ কর| 
সেই সব মন্দ লোক যখনই জন্মায় তখন থেকেই ওরা ভুল কাজ করতে শুরু করে| জন্ম থেকেই ওরা মিথ্যাবাদী| 
ওদের ক্রোধ সাপের বিষের মতই ভয়ঙ্কর এবং বধির গোখরে সাপের মত| ওরা সত্য কথা শুনতে অস্বীকার করে| 
গোখরে সাপরা সাঁপুড়ের বীণের সুর বা গান শুনতে পায় না| ঐসব মন্দ লোকরাও সেইসব সাপের মত, কারণ তারা কু-চক্রান্ত করে| 
প্রভু, ঐ লোকগুলো সিংহের মত| তাই হে প্রভু, ওদের দাঁতগুলো ভেঙে দিন| 
নর্দমা দিয়ে যেমন জল গড়িয়ে যায়, ঐ লোকগুলোও যেন সেভাবেই অদৃশ্য হয়ে যায়| পথের ধারে আগাছার মত ওরা যেন বিনষ্ট হয়| 
ওরা শামুকের মত হোক্, নড়বার সময় যেন গলে গলে যায়| ওরা যেন জন্ম-মৃত শিশুর মত কোনদিন দিনের আলো না দেখে| 
যে কাঁটাঝোপকে জ্বালানী হিসেবে জ্বালিয়ে রান্নার পাত্র গরম করা হয় ওরা যেন সেই কাঁটাঝোপের জ্বালানীর মত বিনষ্ট হয়| 
একজন সৎ‌ লোক তখন খুশী হবে যখন সে দেখবে তার প্রতি করা অন্যায় কাজের জন্য মন্দ লোকরা শাস্তি পাচ্ছে| সে সেই রকম সৈনিকের মত হবে যে তার সমস্ত শত্রুদের পরাজিত করেছে| 
যখন এটা ঘটবে, তখন লোকে বলবে: “সৎ‌ লোকেরা সত্যিই পুরস্কৃত| সত্যই একজন ঈশ্বর আছেন যিনি পৃথিবীর বিচার করেন|” 
