﻿গীতসংহিতা.
47.
পরিচালকের প্রতি: কোরহ পরিবারের থেকে একটি গীত| হে পৃথিবীর জনগণ, তোমরা হাততালি দাও! মহানন্দে ঈশ্বরের উদ্দেশ্যে ধ্বনি দাও! 
পরাৎ‌‌পর প্রভু বড় ভয়ঙ্কর| তিনি সারা পৃথিবীর মহান রাজা| 
তিনি আমাদের অন্য লোকদের পরাজিত করতে সাহায্য করেন| ঐসব জাতিকে তিনি আমাদের অধীনস্থ করেছেন| 
প্রভুই আমাদের জন্য নির্দিষ্ট ভূখণ্ড মনোনীত করেছেন| যাকোব, যাকে তিনি ভালোবাসতেন, তাঁর জন্য তিনিই সুন্দর ভূখণ্ড মনোনীত করেছেন| 
শিঙা ও ভেরীর শব্দের মাঝে প্রভু তাঁর সিংহাসনে আরোহণ করেন| 
ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা কর, তাঁর প্রশংসা কর| আমাদের রাজার প্রশংসাগীত গাও, তাঁর প্রশংসা কর| 
ঈশ্বরই সারা পৃথিবীর রাজা| তাঁরই প্রশংসা কর| 
ঈশ্বর তাঁর পবিত্র সিংহাসনে বসেন| তিনি সব জাতিকে শাসন করেন| 
সব জাতির নেতারা অব্রাহামের ঈশ্বরের লোকদের সঙ্গে একত্র হয়| পৃথিবীর সব জাতির সকল নেতা ঈশ্বরের অধীন| ঈশ্বর তাদের সবার ওপরে বিরাজ করেন! 
