﻿গীতসংহিতা.
40.
পরিচালকের প্রতি: দায়ূদের একটি গীত| আমি প্রভুকে ডেকেছিলাম, তিনি তা শুনেছেন| তিনি আমার ডাক শুনেছেন| 
তিনি আমাকে কবর থেকে টেনে তুলেছেন| তিনি আমাকে সেই কাদাময় জায়গা থেকে টেনে তুলেছেন| তিনি আমায় উদ্ধার করে, আমাকে শক্ত মাটিতে দাঁড় করিয়েছেন| তিনি আমার পদস্খলন হতে দেন নি| 
প্রভু আমার মুখে নতুন গান দিয়েছেন, সেই গান দিয়ে আমি আমার ঈশ্বরের প্রশংসা করি| বহুলোক দেখতে পাবে আমার কি হবে এবং তারা ঈশ্বরের উপাসনা করবে| তাঁরা প্রভুকে বিশ্বাস করবে| 
সেই ধন্য যে প্রভুর উপর বিশ্বাস রাখে| যদি কেউ অপদেবতা এবং মূর্ত্তির দিকে সাহায্যের জন্য না যায় সে প্রকৃতই সুখী হবে| 
প্রভু, আমাদের ঈশ্বর, আপনি অনেক আশ্চর্য্য কার্য করেছেন! আমাদের জন্য আপনার ভীষণ ভালো পরিকল্পনা আছে| কোন লোকই তার সব তালিকা করতে পারবে না! আমি সেই সব জিনিসের কথা বার বার বলবো যা গুনে শেষ করা যায় না| 
আপনি আমাকে প্রকৃত সত্য বাণী শোনাবার কান দিয়েছেন| হে প্রভু আপনি আমাকে এটা বুঝতে দিয়েছেন| আপনি প্রকৃতপক্ষে উৎসর্গ বা শস্য নৈবেদ্য কোনটাই চান নি| আপনি আসলে হোমবলি এবং পাপমোচনের নৈবেদ্যও চান না| কিন্তু আপনি যা চান তা হল অন্য আরো কিছু| 
তাই আমি বলেছি, “এই যে আমি, আমায় গ্রহণ করুন| আমি এসেছি, আমার সম্পর্কে বইতে এমনই লেখা আছে| 
হে ঈশ্বর, আপনি যা চান, আমি সেইগুলোই করতে চাই| আমি আপনার শিক্ষামালাগুলো জানতে চাই|” 
মহাসভায় মানুষের সামনে আমি জয়ের কথা বলেছি| এবং প্রভু আপনি জানেন, সুসমাচার উচ্চারণ করা থেকে আমি কখনও বিরত হব না| 
আপনার কৃত মহৎ‌‌ কীর্তি সম্পর্কে আমি বলেছি| আমার অন্তরেও আমি সে সব কথা গোপন রাখি নি| প্রভু আমি লোকদের বলেছি, নিজেদের বাঁচানোর জন্য তারা আপনার ওপর নির্ভর করতে পারে| আমি মহাসভায় আপনার করুণা ও বিশ্বস্ততা গোপন করি নি| 
তাই, প্রভু আপনার করুণা আমার কাছে লুকোবেন না! আপনার করুণা ও বিশ্বস্ততা দিয়ে আমায় রক্ষা করুন| 
মন্দ লোকরা আমার চারদিকে জড় হয়েছে| তাদের গুনে শেষ করা যাবে না! আমি আমার পাপের আবর্ত্তে আটকে পড়েছি| আমি তা থেকে পালাতে পারছি না| আমার মাথার চুলের চেয়েও ওদের সংখ্যা বেশী| আমি সাহস হারিয়েছি| 
প্রভু আমার কাছে ছুটে আসুন, আমায় বাঁচান! প্রভু তাড়াতাড়ি এসে আমায় সাহায্য করুন! 
ঐসব মন্দ লোক আমায় হত্যা করতে চাইছে| প্রভু ঐসব লোককে হতাশ ও লজ্জিত করুন| ঐ লোকরা আমায় আঘাত করতে চাইছে| ওরা যেন লজ্জায় ছুটে পালিয়ে যায়! 
ঐ মন্দ লোকরা আমায় নিয়ে হাসাহাসি করে| ঐসব লোক যেন অবমাননায় বোবা হয়ে যায়! 
কিন্তু তারা, যারা আপনার কাছে আসে যেন সুখী হয় ও আনন্দ পায়| তারা আপনার হাতে উদ্ধার পেতে ভালবাসে| অতএব তারা বলুক, “প্রভুর প্রশংসা কর!” 
প্রভু, আমি একজন দরিদ্র ও অসহায় মানুষ| আমায় সাহায্য করুন, আমায় রক্ষা করুন| হে আমার ঈশ্বর, আর দেরী করবেন না! 
