﻿গীতসংহিতা.
37.
দায়ূদের একটি গীত| দুষ্ট লোকদের দেখে মর্মপীড়া বোধ করো না| যারা মন্দ কাজ করে, ওদের দেখে ঈর্ষান্বিত হয়ো না| 
মন্দ লোকরা সবুজ ঘাস-পাতার মত, যা তাড়াতাড়ি বিবর্ণ হয়ে মারা যায়| 
যদি তুমি প্রভুতে আস্থা রাখ এবং ভালো কাজ কর, তাহলে তুমি বেঁচে থাকবে এবং এই পৃথিবীর ভাল বস্তুগুলি উপভোগ করবে| 
প্রভুর সেবা করে নিজে উপভোগ কর এবং তাহলে তোমার যা প্রয়োজন, তিনি তোমায় তাই দেবেন| 
প্রভুর ওপরে নির্ভর কর| তাঁকে বিশ্বাস কর, যা করার তিনি তাই করবেন| 
প্রভু তোমার ধার্ম্মিকতা ও ন্যায়নীতি মধ্যাহ্নের সূর্যের মত উজ্জ্বল করুন| 
প্রভুকে বিশ্বাস কর এবং তাঁর সাহায্যের জন্য অপেক্ষা কর| মন্দ লোকরা যখন জয়ী হয় তখন হতাশ হয়ো না| দুষ্ট লোকেরা যখন কু-পরিকল্পনা করে জয়ী হয়, তখন মর্মপীড়া বোধ করো না| 
ক্রুদ্ধ হয়ো না! রাগে আত্মহারা হয়ে যেও না! এতখানি হতাশ হয়ে যেও না, যাতে তোমারও খারাপ কাজ করতে ইচ্ছা হয়| 
কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে| কিন্তু যারা সাহায্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করবে, তারা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে| 
খুব অল্প সময়ের মধ্যেই দুষ্ট লোকরা আর সেখানে থাকবে না| তোমরা হয়তো তাদের খুঁজবে, কিন্তু ততদিনে তারা সবাই গত হয়েছে! 
বিনয়ী লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে এবং তারা শান্তি ভোগ করবে| 
মন্দ লোকরা ভালো লোকদের বিরুদ্ধে মন্দ ফন্দি আঁটবে| ভালো লোকদের দিকে দাঁত কিড়মিড় করে ওরা ওদের ক্রোধ প্রকাশ করবে| 
কিন্তু আমাদের প্রভু ওদের দেখে দেখে হাসেন| ওদের যে কি হবে, তা তিনি দেখতে পান| 
মন্দ লোকরা তাদের তরবারি তুলে নেয়, ওদের তীর তাক করে| ওরা দরিদ্র সহায়সম্বলহীন লোককে হত্যা করতে চায়| সৎ‌ এবং ভালো লোকদের ওরা হত্যা করতে চায়. 
কিন্তু ওদের তরবারি ওদের বুকেই বিদ্ধ হবে, ওদের তীরও ভেঙ্গে যাবে| 
মন্দ লোকদের বিপুল সমাবেশের চেয়ে মুষ্টিমেয় কিছু সৎ‌ লোক অনেক ভালো| 
কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে| কিন্তু প্রভু সৎ‌ লোকদের প্রতি যত্ন নেন| 
খাঁটি ভালো মানুষদের প্রভু আজীবন রক্ষা করেন| ওরা অনন্তকাল ধরে পুরস্কার পাবে| 
সংকট এলে সৎ‌ লোকরা হতাশ হবে না| দুর্ভিক্ষের সময় ভালো লোকদের জন্য প্রচুর আহার থাকবে| 
কিন্তু মন্দ লোকরা প্রভুর শত্রু এবং ওরা ধ্বংসপ্রাপ্ত হবে| ওদের উপত্যকা শুকিয়ে যাবে এবং পুড়ে যাবে| ওরা সম্পূর্ণভাবে বিনষ্ট হবে| 
দুষ্ট লোকরা খুব তাড়াতাড়ি টাকা ধার করে, কিন্তু কখনও সেটা ফেরৎ‌ দেয় না| কিন্তু ভালো লোকরা দয়ালু এবং উদারহস্ত| 
প্রভুর আশীর্বাদপুর্ত প্রত্যেকে ঈশ্বরের প্রতিশ্রুত দেশ পাবে| কিন্তু প্রভু যাকে অভিশাপ দেন সে ধ্বংসপ্রাপ্ত হবে| 
যে সৈন্য সাবধানে চলে, প্রভু তাকে সাহায্য করেন| প্রভু তাকে পড়ে যেতে দেন না| 
যদি সেই সৈন্য দৌড়ে গিয়ে শত্রুকে আক্রমণ করে, প্রভু সেই সৈন্যের হাত ধরে তাকে পতন থেকে রক্ষা করেন| 
একসময় আমি তরুণ ছিলাম, এখন আমি বৃদ্ধ হয়েছি| আমি কখনও ঈশ্বরকে ভালো লোকেদের পরিত্যাগ করতে দেখি নি| ভালো লোকেদের সন্তানদের আমি কখনও খাবার ভিক্ষা করতে দেখি নি| 
একজন সৎ‌ লোক মুক্ত হাতে অন্যকে দেয়| সৎ‌ লোকদের সন্তানরা আশীর্বাদের মত| 
যদি তুমি খারাপ কাজ না কর, যদি তুমি ভালো কাজ কর, তুমি অনন্তকাল বেঁচে থাকবে| 
প্রভু ন্যায় ভালবাসেন| সাহায্য না করে তিনি তাঁর অনুগামীদের পরিত্যাগ করেন না| প্রভু তাঁর অনুগামীদের সর্বদাই রক্ষা করেন| কিন্তু দুষ্ট লোকদের তিনি বিনাশ করেন| 
সৎ‌ লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত রাজ্য পাবে| সেখানে তারা চিরদিন বাস করবে| 
একজন সৎ‌ লোক সর্বদাই সুপরামর্শ দেয়| সে প্রত্যেকের জন্যই ন্যায্য সিদ্ধান্ত দেয়| 
তার মনের মধ্যে সর্বদাই প্রভুর শিক্ষামালা থাকে| তাই সে সৎ‌ পথে বাঁচা থেকে বিরত হবে না| 
কিন্তু দুষ্ট লোকরা সব সময় সৎ‌ লোকদের হত্যা করবার সুযোগ খোঁজে| 
সৎ‌ লোকরা যখন মন্দ লোকদের ফাঁদে পড়ে, তখন প্রভু সৎ‌ লোকদের ত্যাগ করেন না| ঈশ্বর কখনই সৎ‌ লোকদের দোষী বলে বিচারে সাব্যস্ত হতে দেবেন না| 
ঈশ্বর যা বলেন তা কর এবং তাঁর সাহায্যের প্রতীক্ষা কর| যখন তিনি মন্দ লোকদের জোর করে তাড়িয়ে দেবেন, তখন প্রভু তোমাকেই জয়ী করবেন এবং তুমিই প্রভুর প্রতিশ্রুত রাজ্য পাবে| 
আমি একজন দুষ্ট লোককে দেখেছিলাম যে ছিল ক্ষমতাশালী| তার ছিল একটা স্বাস্থ্যবান সবুজ গাছের মতো একটি শক্তিশালী দেহ| 
পরে আমি সেই পথে গিয়েছি| আমি তাকে খুঁজেছি, কিন্তু পাইনি| 
সৎ‌ এবং পবিত্র হও| শান্তিপ্রিয় লোকরা অনেক উত্তরপুরুষ পাবে| 
কিন্তু যারা ঈশ্বরের বিধান ভাঙ্গে তারা সম্পূর্ণ বিনষ্ট হবে| এবং তাদের উত্তরপুরুষদেরও দেশ থেকে সরিয়ে দেওয়া হবে| 
প্রভু সৎ‌ লোকেদের রক্ষা করেন| সৎ‌ লোকেরা যখন সংকটে পড়ে, তখন প্রভুই তাদের আশ্রয়| 
প্রভু সৎ‌ লোকদের সাহায্য করেন, রক্ষা করেন| সৎ‌ লোকরা প্রভুতে বিশ্বাস রাখে এবং তিনি তাদের দুষ্ট লোকদের হাত থেকে রক্ষা করেন| 
