﻿গীতসংহিতা.
35.
দায়ূদের একটি গীত| হে প্রভু, আমার বিরোধীপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করুন! যারা আমার সঙ্গে যুদ্ধ করেছে তাদের সঙ্গে আপনি যুদ্ধ করুন! 
প্রভু, ঢাল এবং বর্ম তুলে নিন| উঠুন এবং আমায় সাহায্য করুন| 
বর্শা এবং বল্লম হাতে তুলে নিন এবং যারা আমার বিরুদ্ধে রয়েছে তাদের সঙ্গে যুদ্ধ করুন| হে প্রভু আমার আত্মাকে বলুন, “আমি তোমায় উদ্ধার করবো|” 
কিছু লোক আমাকে হত্যা করতে চাইছে| ওদের পরাজিত এবং লজ্জিত করুন| এমন করুন যেন ওরা পিছন ফিরে পালিয়ে যায়| ওরা আমায় আঘাত করার চক্রান্ত করছে| ওদের পরাজিত ও নাস্তানাবুদ করে ছাড়ুন| 
ওদের তুষের মত বাতাসে উড়িয়ে দিন| প্রভুর দূত যেন ওদের ধাওয়া করে| 
প্রভু ওদের পথ অন্ধকারময় এবং পিচ্ছিল করে দিন| প্রভুর দূত যেন ওদের তাড়া করে| 
আমি ওদের কাছে কোন ভুল কাজ করিনি কিন্তু ঐসব লোক আমাকে ফাঁদে ফেলতে চাইছে| সম্পূর্ণ বিনা কারণে ওরা আমায় ফাঁদে ফেলতে চাইছে| 
তাই প্রভু, ওদের নিজেদের ফাঁদেই ওদের ফেলুন| নিজেদের জালেই ওরা হোঁচট খাক্| কোন অজানা বিপদ যেন ওদের উপরে বর্তায়| 
তখন আমি প্রভুতে আনন্দ করবো| তিনি যখন আমায় উদ্ধার করবেন তখন আমি সুখী হবো| 
আমার সমস্ত সত্ত্বা দিয়ে আমি বলব, “প্রভু আপনার মত কেউই নেই| শক্তিশালী লোকেদের হাত থেকে আপনি একজন দুর্বল লোককে বাঁচিয়েছেন| আপনি একজন দরিদ্র লোককে উদ্ধার করেন যার কাছ থেকে লোকে চুরি করতে চেষ্টা করে|” 
একদল মিথ্যা সাক্ষী আমায় আঘাত করবার জন্য পরিকল্পনা করছে| ওরা আমায় নানা প্রশ্ন জিজ্ঞাসা করবে| আমি কিন্তু জানি না ওরা কি বিষয়ে বলছে| 
আমি কেবলমাত্র ভাল কাজই করেছি| কিন্তু ওরা আমার প্রতি খারাপ কাজই করবে| প্রভু, যে রকম ভালো জিনিস আমার প্রাপ্য তা আমায় দিন| 
যখন ওরা অসুস্থ হয়েছিলো, আমি ওদের জন্য দুঃখ পেয়েছিলাম| উপবাসের মাধ্যমে আমি সেই দুঃখ প্রকাশ করেছি| ওদের জন্য প্রার্থনা করে এটাই কি আমার প্রাপ্য? 
ঐসব লোকদের জন্য আমি দুঃখের পোশাক পরেছিলাম এবং ওদের আমি আমার বন্ধুর মত, এমন কি ভাইযের মত দেখেছিলাম| মায়ের মৃত্যুর পর যে লোকটা কাঁদে আমি তার মতই দুঃখিত ছিলাম| ওদের দুঃখের কারণে আমি কালো কাপড় পরেছিলাম এবং দুঃখে মাথা নত করে আমি হাঁটাচলা করতাম| 
কিন্তু যখন আমি একটু ভুল করলাম, ওরা আমায় উপহাস করলো| ওরা আসলে প্রকৃত বন্ধু ছিল না| আমি ওদের চিনতামও না, কিন্তু চারিদিক থেকে ওরা আমায় ঘিরেছিল এবং আক্রমণ করেছিল| 
অত্যন্ত খারাপ ভাষায় ওরা আমায় বিদ্রূপ করেছে| ওরা আমার বিরুদ্ধে ক্রোধ দেখিয়ে দাঁত কিড়মিড় করে| 
হে আমার প্রভু, আর কতদিন আপনি এইসব খারাপ ঘটনা ঘটতে শুধুই দেখে যাবেন? ওরা আমায় ধ্বংস করতে চাইছে| হে প্রভু, আমার জীবন রক্ষা করুন| আমার প্রিয় জীবনকে ওদের থেকে রক্ষা করুন| ওরা সিংহের মত হিংস্র| 
প্রভু মন্দিরের মহাসমাজে আমি আপনার প্রশংসা করবো| সেই বলবান জনতার সামনে আমি আপনার প্রশংসা করবো| 
ঐসব শত্রুকে কোন কারণেই আমাকে ঘৃণা করতে অথবা পরাজিত করতে দেবেন না| আমাকে ওদের বিদ্রূপের পাত্র হতে দেবেন না| ওদের গোপন পরিকল্পনার জন্য ওরা অবশ্যই শাস্তি পাবে| 
আমার শত্রুরা প্রকৃতপক্ষে শান্তির জন্য পরিকল্পনা করছে না| ওরা দেশের শান্তিপ্রিয় লোকদের বিরুদ্ধে অনিষ্টকর কাজ করার জন্য গোপনে পরিকল্পনা করছে| 
শত্রুরা আমার সম্পর্কে বাজে কথা বলে চলেছে| ওরা মিথ্যা কথা বলে, ওরা বলে “হ্যাঁ হ্যাঁ জানি, তুমি কি করছো|” 
হে প্রভু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন প্রকৃতপক্ষে কি ঘটছে| তাই, চুপ করে থাকবেন না| আমায় ছেড়ে যাবেন না| 
প্রভু, উঠুন! জাগুন! হে আমার প্রভু, আমার ঈশ্বর, আমার জন্য লড়াই করুন, আমাকে ন্যায় বিচার দিন| 
প্রভু, আমার ঈশ্বর, আপনার নিরপেক্ষতা দিয়ে আমার বিচার করুন| ঐ লোকগুলোকে আমার প্রতি বিদ্রূপ করতে দেবেন না| 
ওরা যেন বলতে না পারে, “হ্যাঁ! এইতো আমরা যা চেয়েছি, তাই পেয়েছি!” ওরা যেন বলতে না পারে, “আমরা ওকে ধ্বংস করেছি!” 
আমি আশা করি, আমার সব শত্রু লজ্জিত ও অপমানিত হবে| যখন আমার কিছু খারাপ হয়েছিল, তখন ওরা খুব খুশী হয়েছিল| ওরা ভেবেছিলো ওরা আমার থেকে বেশী ভালো! তাই, ওই সব লোক যেন লজ্জা ও অবমাননায় ঢেকে যায়| 
কিছু লোক চায় আমার ভালো হোক্| আমি আশা করি, ওরা প্রচণ্ড সুখী হবে! ওরা সব সময় বলে, “প্রভু মহান! যা তাঁর দাসের পক্ষে মঙ্গলকর, তিনি তাই চান|” 
তাই হে প্রভু, আমি লোকদের বলি, আপনি কত ভাল| প্রতিদিনই আমি আপনার প্রশংসা করি| 
