﻿গীতসংহিতা.
34.
দায়ূদের একটি গীত| যখন থেকে দায়ূদ পাগলের মত আচরণ করেছিলেন যাতে অবীমেলক তাঁকে দূর করে দেন| এইভাবে দায়ূদ তাঁকে ছেড়ে চলে যান| সর্বদা আমি প্রভুকে ধন্যবাদ জানাই| আমার মুখ সর্বদাই তাঁর প্রশংসা করে| 
হে বিনীত লোকরা, যখন আমি প্রভুর সম্পর্কে বড়াই করি তোমরা শোন এবং সুখী হও| 
আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রশংসা কর| এসো আমরা তাঁর নামের সম্মান করি| 
আমি ঈশ্বরের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম এবং তিনি শুনেছেন| যা কিছু আমি ভয় করতাম, তা থেকে তিনি আমায় উদ্ধার করেছেন| 
সাহায্যের জন্য ঈশ্বরের দিকে চাও, তিনি তোমায় গ্রহণ করবেন| লজ্জিত হয়ো না| 
এই দরিদ্র মানুষটি প্রভুকে ডেকে সাহায্য প্রার্থনা করে| প্রভু আমার কথা শুনেছেন এবং সব সমস্যা থেকে তিনি আমায় রক্ষা করেছেন| 
যারা প্রভুকে অনুসরণ করে, প্রভুর দূত এসে তাদের চারিদিকে শিবির স্থাপন করেন| প্রভুর দূত তাদের রক্ষা করেন| 
প্রভু কতখানি ভালো তা দেখাবার জন্য প্রভুর স্বাদ গ্রহণ কর| যে প্রভুর ওপর নির্ভর করে সে সত্যিই সুখী হয়| 
তোমরা প্রভুর পবিত্র অনুগামীরা, প্রভুকে শ্রদ্ধা কর| কারণ অনুগামীদের কাছে প্রত্যেকটি জিনিস আছে যা তাদের প্রয়োজন| 
বলবান লোকরাও ক্ষুধার্ত এবং দুর্বল হয়ে পড়বে| কিন্তু যারা ঈশ্বরের কাছে সাহায্যের জন্য যাবে, তারা সব ভালো জিনিসই পাবে| 
শিশুরা, আমার কথা শোন, আমি তোমাদের শিখিয়ে দেবো কেমন করে প্রভুকে শ্রদ্ধা করতে হয়| 
যদি কেউ জীবনকে ভালোবাসে এবং দীর্ঘ ও ভালো জীবনযাপন করতে চায়, 
তাহলে, সেই ব্যক্তি যেন মন্দ কথা না বলে, সে যেন মিথ্যা কথা না বলে| 
খারাপ কাজ করা বন্ধ করে দাও! ভালো কাজ কর| শান্তির জন্য কাজ কর| যতক্ষণ না শান্তি পাও, ততক্ষণ তার পেছনে ছুটে বেড়াও| 
ভালো লোকদের প্রভু রক্ষা করেন| তিনি তাদের প্রার্থনা শোনেন| 
কিন্তু যারা খারাপ কাজ করে প্রভু তাদের বিরোধী| তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করেন! 
প্রভুর কাছে প্রার্থনা কর এবং তিনি তোমার কথা শুনবেন এবং সব সংকট থেকে তিনি তোমায় উদ্ধার করবেন| 
যখন সংকট আসে তখন কয়েকজন দম্ভ করা থেকে বিরত হয়| প্রভু সেই সব ভগ্ন হৃদয় লোকের কাছাকাছি থাকেন এবং তাদের উদ্ধার করেন| 
ভালো লোকদের অনেক সমস্যা হতে পারে, কিন্তু প্রত্যেকটা সমস্যা থেকে প্রভু তাদের উদ্ধার করবেন| 
তাদের প্রত্যেকটি হাড় প্রভু রক্ষা করবেন| তাদের একটি হাড়ও ভাঙবে না| 
দুষ্ট লোকদের শয়তানি তাদের ক্রমশঃ ধ্বংস করবে| 
প্রভু তাঁর দাসদের আত্মাকে রক্ষা করেন| যারা তাঁর ওপর নির্ভর করে তিনি তাদের বিনষ্ট হতে দেবেন না| 
