﻿গীতসংহিতা.
9.
পরিচালকের প্রতি: মুৎ‌-লব্বেন স্বরে দায়ূদের একটি গীত| আমি আমার সমস্ত অন্তঃকরণ দিয়ে প্রভুর প্রশংসা করি| প্রভু, আপনার সৃষ্টি করা প্রত্যেকটি আশ্চর্য্য কার্য সম্পর্কে আমি বলবো| 
আপনি আমাকে অত্যন্ত সুখী করেছেন| হে পরাৎ‌‌পর ঈশ্বর, আমি আপনার নামের প্রশংসা করি| 
আপনার কাছ থেকে আমার শত্রুরা দূরে পালিয়ে গেছে| কিন্তু তাদের পতন হবে ও তারা বিনষ্ট হবে| 
আপনি একজন সুবিচারক| আপনার সিংহাসনে আপনি ধর্ম বিচারকের মতই বসেছিলেন| হে প্রভু, আপনি আমার অবস্থার কথা শুনেছিলেন এবং আমার সম্বন্ধে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন| 
আপনি সেসব লোকের সমালোচনা করেছেন| প্রভু, সেই সব দুষ্ট লোককে আপনি বিনষ্ট করেছেন| যারা বেঁচে রয়েছে, তাদের নামের তালিকা থেকে আপনি সেই সব দুষ্ট লোকের নাম চিরদিনের জন্য মুছে দিয়েছেন| 
শত্রুরা নিশ্চিহ্ন হয়েছে! প্রভু, আপনি তাদের নগরসমূহ ধ্বংস করেছেন! এখন শুধুমাত্র ভাঙ্গা বাড়ীগুলো পড়ে আছে| সেই সব দুষ্ট লোকদের কথা আমাদের স্মরণ করিয়ে দেবার মত কিছুই আর অবশিষ্ট নেই| 
কিন্তু প্রভু চিরদিনের জন্য শাসন করেন| প্রভু তাঁর রাজ্যকে শক্তিশালী করেছেন| পৃথিবীতে ন্যায় আনবার জন্য তিনি এই কাজ করেছেন| 
প্রভু পৃথিবীতে প্রত্যেককে ন্যায় বিচার দেন| প্রভু সব জাতিদের সৎ‌ভাবে বিচার করেন| 
বহু মানুষ তাদের নানাবিধ সমস্যার ফাঁদে আবদ্ধ এবং জর্জরিত| তাদের সমস্যার ভারের নীচে তারা পিষ্ট হয়ে গেছে| প্রভু, তাদের জন্য আপনি নিরাপদ স্থান হোন যেন তারা আপনার কাছে যেতে পারে| 
লোকেরা যারা আপনার নাম জানে তারা আপনার ওপর বিশ্বাস রাখবে| প্রভু, লোকজন যদি আপনার কাছে আসে, আপনি তাদের সাহায্য না করে ফিরিয়ে দেবেন না| 
হে সিয়োন-বাসীরা, তোমরা প্রভুর প্রশংসা কর| প্রভুর মহৎ‌‌ কর্মের কথা অন্যান্য জাতিকে বল| 
যারা প্রভুর কাছে সাহায্যের জন্য গিয়েছিল তিনি তাদের কথা মনে রেখেছেন| সেই বঞ্চিত দরিদ্র লোকেরা সাহায্য প্রার্থনা করেছিল| প্রভু তাদের ভুলে যান নি| 
আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেছিলাম: “প্রভু, আমার প্রতি সদয় হোন| দেখুন, আমার শত্রুরা আমায় আঘাত করেছে| আমাকে ‘মৃত্যুর ফটকগুলি’ থেকে রক্ষা করুন| 
তাহলে, হে প্রভু, জেরুশালেম শহরের ফটকে আমি আপনার প্রশংসাগীত করতে পারবো| এতে আমি সুখী হবো| কারণ আপনি আমায় রক্ষা করেছিলেন|” 
অন্য সব জাতি, লোকদের ফাঁদে ফেলার জন্য মাটিতে গর্ত খুঁড়েছে| কিন্তু তারা নিজেরাই নিজের ফাঁদে পড়ে গেছে| অন্যসব লোকজনকে ধরবে বলে ওরা লুকিয়ে জাল পেতেছিল কিন্তু ওরা নিজের জালেই ধরা পড়ে গেছে| 
প্রভু ওই মন্দ লোকদের ধরেছেন| তাই লোকজন জানতে পারলো, যারা মন্দ কাজ করে প্রভু তাদের শাস্তি দেন| 
যারা ঈশ্বরকে ভুলে যায় তারাই মন্দ| তারা পাতালে পতিত হবে| 
কখনও কখনও এমন মনে হয় যে, সমস্যা জর্জরিত মানুষকে ঈশ্বর ভুলে গেছেন| এমনও মনে হচ্ছে যে, এইসব দরিদ্র লোকদের কোন আশা বাকী নেই| কিন্তু ঈশ্বর কখনই তাদের চিরদিনের মত ভোলেন না| 
হে প্রভু, উঠুন এবং জাতিগণের বিচার করুন| মানুষকে একথা ভাবতে দেবেন না যে তারা শক্তিশালী| 
লোকদের কিছু শিক্ষা দিন| তাদের একথা বুঝতে দিন যে তারা কেবলই মানুষ| 
