﻿গীতসংহিতা.
6.
পরিচালকের প্রতি: শমীনীৎ‌সহ তারবাদ্য গাইবার জন্য দায়ূদের একটি গীত| হে প্রভু, ক্রুদ্ধ অবস্থায় আমাকে সংশোধন করবেন না| মহাক্রোধে আমাকে শাস্তি দেবেন না| 
প্রভু, আমার প্রতি সদয় হোন, আমি দুর্বল এবং অসুস্থ| আমায় সুস্থ করে দিন কারণ আমার হাড়গুলো নড়বড় করছে| 
প্রভু আমার সারা দেহ টল্মল্ করছে| প্রভু সুস্থ হতে আমার আর কতদিন লাগবে? 
প্রভু ফিরে আসুন এবং আবার আমাকে শক্তিশালী এবং সবল করে দিন| আপনার দয়াগুনে আমাকে পরিত্রাণ করুন| 
মৃত লোকরা তাদের কবরে আপনাকে স্মরণ করে না| মানুষ মৃত্যুর মুখে এসেও আপনার প্রশংসা করে না| তাই আমায় সুস্থ করে দিন! 
হে প্রভু, সারা রাত ধরে প্রার্থনা করে আমি নিজেকে ক্ষয় করেছি| আমার চোখের জলে আমার বিছানা ভিজে গেছে| 
আমার শত্রুরা আমাকে যা দুঃখ দিয়েছে তার দরুণ কেঁদে কেঁদে আমার চোখ দুর্বল হয়ে গেছে| 
মন্দ লোকরা, তোমরা চলে যাও| কেন? কারণ প্রভু আমার কান্না শুনেছেন| 
প্রভু আমার বিনতি শুনেছেন| প্রভু আমার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আমায় উত্তর দিয়েছেন| 
আমার সকল শত্রু হতাশ এবং নিরাশ হবে| হঠাৎ‌‌ একটা কিছু ঘটবে এবং ঐসব শত্রুরা লজ্জায় চলে যাবে| 
