﻿গীতসংহিতা.
3.
দায়ূদের একটি গীত যখন থেকে তিনি তাঁর পুত্র অবশালোমের কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন| প্রভু, আমার অসংখ্য শত্রু| বহু লোক আমার বিরুদ্ধে চলে গেছে| 
বহু লোক আমার বিরুদ্ধে মন্দ কথা বলছে| তারা বলছে, “ঈশ্বর ওকে রক্ষা করবেন না!” 
কিন্তু হে প্রভু, আপনিই আমার ঢালস্বরূপ| আপনি আমার গৌরব| প্রভু আপনি আমাকে গুরুত্বপূর্ণ করেছেন! 
আমি প্রভুর কাছে প্রার্থনা করবো| পবিত্র পর্বত থেকে তিনি আমার ডাকে সাড়া দেবেন! 
আমি শুয়ে পড়ি এবং বিশ্রাম নিই এবং আমি জানি, আবার আমি জেগে উঠবো| কেন? কারণ প্রভু আমায় আবৃত করে থাকেন| প্রভু আমায় রক্ষা করেন! 
যদি হাজার সৈন্যও আমায় ঘিরে ফেলে, আমি ঐ শত্রুদের ভয়ে ভীত হব না! 
প্রভু, উঠে দাঁড়ান| হে আমার ঈশ্বর, আপনি এসে আমায় উদ্ধার করুন! আপনি অসীম শক্তির অধিকারী! আমার শত্রুদের চোয়ালে আপনি যদি আঘাত করেন আপনি তাদের সবকটা দাঁতই ভেঙে দেবেন| 
হে প্রভু, আপনার জয়! এবং আপনার আশীর্বাদ রয়েছে আপনার লোকদের ওপর| 
