﻿ইয়োব.
34.
তখন ইলীহূ কথা বলে যেতে লাগলো| সে বলল: 
“হে প্রাজ্ঞ ব্যক্তি, আমি যা বলি তা শুনুন| হে বুদ্ধিমান ব্যক্তিগন, আমার প্রতি মনোযোগ দিন| 
কারণ জিভ যেমন খাদ্যের স্বাদ গ্রহণ করে তেমনি কান কথাকে পরীক্ষা করে| 
অতএব, আমাদেরই ঠিক করতে দিন কোনটা সঠিক| আসুন, আমরা সবাই মিলে স্থির করি কোনটা সত্যিই ভালো| 
ইয়োব বললেন, ‘আমি নিষ্পাপ| ঈশ্বর আমার প্রতি সুবিচার করেন নি| 
আমি নিষ্পাপ, কিন্তু আমার বিরুদ্ধে গৃহীত বিচার বলছে আমি একজন মিথ্যাবাদী| আমি নিষ্পাপ, কিন্তু আমি খুব বিশ্রী ভাবে আহত হয়েছি|’ 
“ইয়োবের মত আর কোন লোক আছে কি? ঈশ্বরকে অভিযুক্ত করা তাঁর কাছে জলের মত সোজা| 
এমনকি শত্রুদের সঙ্গেও ইয়োব বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন| ইয়োব মন্দ লোকদের সঙ্গে থাকতে ভালোবাসেন| 
কেন আমি একথা বলছি? কেন না ইয়োব বলেন, ‘যদি কেউ ঈশ্বরকে খুশী করতে চায় সে লোক কিছুই পাবে না|’ 
“আপনারা বুঝতে পারেন; তাই আমার কথা শুনুন| ঈশ্বর কখনই মন্দ কাজ করবেন না| ঈশ্বর সর্বশক্তিমান কখনও ভুল করবেন না| 
যে যা করে তার জন্য ঈশ্বর তাকে পুরস্কৃত করেন| ঈশ্বর মানুষকে তার প্রাপ্য মিটিয়ে দেন| 
এটা সম্পূর্ণরূপে সত্য: ঈশ্বর মন্দ কাজ করেন না| যা সঠিক তাকে সর্বশক্তিমান ঈশ্বর কখনো মুচড়ে বিকৃত করবেন না| 
কোন মানুষ ঈশ্বরকে পৃথিবীর দায়িত্ব দিয়ে নির্বাচন করেনি| কেউই ঈশ্বরকে পৃথিবীর দায়িত্ব দেয় নি| তিনিই সব কিছুর সৃষ্টি করেছেন এবং তিনিই সব কিছু নিয়ন্ত্রণ করেন| 
ঈশ্বর যদি মনস্থ করেন যে তিনি তাঁর আত্মাকে এবং তাঁর নিঃশ্বাসকে পৃথিবী থেকে নিয়ে নেবেন, 
তাহলে পৃথিবীর প্রত্যেকটি প্রাণী মারা পড়বে এবং মনুষ্য জাতি পরিণত হবে ধূলায়| 
“আপনারা যদি জ্ঞানবান হন তাহলে আমি যা বলি তা শুনুন| 
ঈশ্বর কি করে ন্যায় ও নিয়মকে ঘৃণা করতে পারেন? তাহলে আপনি কি করে ধার্মিক ও শক্তিশালী ঈশ্বরকে ভুল বলে অভিযুক্ত করতে পারেন? 
ঈশ্বরই একমাত্র সত্তা যিনি রাজাকে বলেন, ‘তুমি অপদার্থ!’ ঈশ্বর নেতৃতৃর্গকে বলেন, ‘তোমরা মন্দ লোক!’ 
ঈশ্বর অন্যান্য লোকদের চেয়ে নেতাদের বেশী ভালোবাসেন না| ঈশ্বর দরিদ্র লোকদের চেয়ে ধনীদের বেশী ভালোবাসেন না| কেন? কারণ ঈশ্বর প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন| 
মধ্যরাত্রে লোকে হঠাৎ‌‌ মারা যেতে পারে| অসুস্থ হয়ে লোকে মারা যেতে পারে| বিনা কোন আয়াসে ঈশ্বর ক্ষমতাবান লোককে সরিয়ে দেন| 
“লোকরা কি করে ঈশ্বর তা লক্ষ্য করেন| ঈশ্বর একজন লোকের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে জানেন| 
ঈশ্বরের কাছ থেকে লুকিয়ে থাকবার জন্য মন্দ লোকদের কাছে কোন অন্ধকার স্থান নেই| 
একজন লোককে পরীক্ষা করবার জন্য ঈশ্বরের কোন সময় স্থির করবার প্রয়োজন হয় না| একটা লোককে বিচার করবার জন্য লোকটিকে ঈশ্বরের সামনে আনবার দরকার হয় না| 
কোন বিচার ছাড়াই ঈশ্বর শক্তিশালী লোকদের ধ্বংস করেন এবং অন্যান্য লোকদের নেতা হিসেবে মনোনীত করেন| 
তাই ঈশ্বর জানেন মানুষ কি করে| সেই জন্য মন্দ লোকদের ঈশ্বর এক রাতের মধ্যেই পরাজিত করে ধ্বংস করেন| 
মন্দ লোকরা যে খারাপ কাজ করেছে তার জন্য ঈশ্বর ওদের শাস্তি দেবেন| ওই লোকগুলোকে ঈশ্বর এমন ভাবে শাস্তি দেবেন যাতে অন্য লোকে তা ঘটতে দেখতে পায়| 
কেন? কারণ মন্দ লোকরা ঈশ্বরকে মান্য করা বন্ধ করে দিয়েছে| এবং ঈশ্বর যা চান, ওই মন্দ লোকরা তা করার ব্যাপারে কোন তোয়াক্কাই করে না| 
ঐ মন্দ লোকরা দরিদ্রদের আঘাত করে ঈশ্বরের কাছে সাহায্য চাইতে বাধ্য করে| ঈশ্বর সেই সাহায্য চাইবার আর্তি শোনেন| 
কিন্তু ঈশ্বর যদি মনস্থ করেন ওদের সাহায্য করবেন না, তাহলে কেউই ঈশ্বরকে দোষী বলতে পারে না| ঈশ্বর যদি নিজেকে মানুষের কাছ থেকে লুকিয়ে রাখেন কোন লোকই তাঁকে খুঁজে পাবে না| 
একজন মন্দ ব্যক্তিকে লোকদের ওপর শাসন করবার থেকে ও লোকদের ধ্বংসের পথে এগিয়ে দেবার থেকে দূরে রাখবার জন্য ঈশ্বর মানুষ এবং দেশের ওপর শাসন করেন| 
ইয়োব, আপনার ঈশ্বরকে বলা উচিৎ‌, ‘আমি অপরাধী| আমি আর কোন পাপ করবো না| 
আমি যা দেখতে পাই না তা আমাকে শেখান| যদি আমি ভুল করে থাকি সে ভুল আমি আর করবো না|’ 
ইয়োব, আপনি চান ঈশ্বর আপনাকে পুরস্কার দিন, কিন্তু আপনি নিজেকে পরিবর্তিত করতে চান নি| ইয়োব, এটা আপনার সিদ্ধান্ত, আমার নয়| আপনি কি ভাবছেন তা আমায় বলুন| 
একজন জ্ঞানী লোক আমার কথা শুনবে| একজন জ্ঞানী লোক বলবে, 
‘ইয়োব জানে না সে কি বিষয়ে কথা বলছে| ইয়োব যা বলছে তা অর্থহীন!’ 
আমি আশা করি ইয়োবকে সম্পূর্ণরূপে পরীক্ষা করা হবে| কেন? কারণ ইয়োব আমাদের সেই ভাবেই উত্তর দিয়েছেন, যে ভাবে একজন মন্দ লোক উত্তর দেয়| 
ইয়োব তাঁর অন্যান্য পাপের সঙ্গে বিদ্রোহ যুক্ত করেছে| ইয়োব আমাদের অপমান করেন এবং ঈশ্বরের বিরুদ্ধে তাঁর অভিযোগ বাড়ান|” 
