﻿ইয়োব.
28.
“এমন জায়গা আছে যেখানে মানুষ রূপো পায়, এমন জায়গা আছে যেখানে মানুষ সোনা গলিয়ে খাঁটি করে| 
মানুষ মাটি খুঁড়ে লোহা বের করে| পাথর গলিয়ে তামা নিষ্কাসন করে| 
কর্মীরা গুহার মধ্যে আলো নিয়ে যায়| ওরা গুহার গভীরে অন্বেষণ করে| গভীর অন্ধকারে ওরা পাথর খোঁজে| 
খনি-দণ্ডের ওপর কাজ করবার সময় খনির কর্মীরা গভীর পর্যন্ত মাটি খোঁড়ে| মানুষ যেখানে বাস করে তারা তার চেয়েও অনেক গভীর পর্যন্ত খোঁড়ে, এমন গভীরে যেখানে লোক আগে কখনও যায় নি| তারা দড়িতে অনেক অনেক গভীর পর্যন্ত ঝুলতে থাকে| 
মাটির ওপরে ফসল ফলে, কিন্তু মাটির তলা সম্পূর্ণ অন্যরকম, সব কিছুই যেন আগুনের দ্বারা গলিত হয়ে রয়েছে| 
মাটির নীচে নীলকান্ত মণি এবং খাঁটি সোনা রয়েছে| 
বুনো পাখিরা মাটির নীচের পথ সম্পর্কে কিছুই জানে না| কোন শকুন সেই অন্ধকার পথ দেখে নি| 
বন্য পশুরাও কোন দিন সে পথে হাঁটে নি| সিংহও কোন দিন সেই পথে হাঁটে নি| 
শ্রমিকরা দৃঢ়তম পাথরকেও ভেঙে ফেলে| ঐ শ্রমিকরা সমস্ত পর্বত খুঁড়ে খনি উন্মুক্ত করে| 
শ্রমিকরা পাথর কেটে সুড়ঙ্গ তৈরী করে| তারা সব রকমের দামী পাথর দেখতে পায়| 
শ্রমিকরা জলকে বাঁধ ধরবার জন্য বাঁধ তৈরী করে| তারা লুকানো সম্পদকে প্রকাশ্যে নিয়ে আসে| 
“কিন্তু প্রজ্ঞা কোথায় খুঁজে পাওয়া যাবে? আমরা কোথায় বোধশক্তি খুঁজতে যাবো? 
আমরা জানি না প্রজ্ঞা কি মূল্যবান জিনিস| পৃথিবীর লোক মাটি খুঁড়ে প্রজ্ঞা পেতে পারে না| 
গভীর মহাসমুদ্র বলে, ‘আমার কাছে প্রজ্ঞা নেই|’ সমুদ্র বলে, ‘আমার কাছে প্রজ্ঞা নেই|’ 
সব চেয়ে খাঁটি সোনার বিনিময়েও তুমি প্রজ্ঞা কিনতে পারবে না| পৃথিবীতে প্রজ্ঞা কেনার মতো যথেষ্ট রূপো নেই| 
ওফীরের সোনা বা অকীক মণি বা নীলকান্ত মণি দিয়েও প্রজ্ঞা কেনা যায় না| 
প্রজ্ঞা সোনা ও স্ফটিকের থেকেও মূল্যবান| এমনকি মূল্যবান রত্নখচিত সোনাও প্রজ্ঞা কিনতে পারে না| 
প্রবাল বা মণির চেয়েও প্রজ্ঞা মূল্যবান| মুক্তোর থেকেও প্রজ্ঞা মূল্যবান| 
কূশদেশীয় পোখরাজ মণিও প্রজ্ঞার মতো সমমূল্যের নয়| তুমি খাঁটি সোনা দিয়েও প্রজ্ঞা কিনতে পারবে না| 
“তাহলে প্রজ্ঞা কোথা থেকে আসে? বোধশক্তি খুঁজতে আমরা কোথায় যাবো? 
পৃথিবীর প্রত্যেকটি জীবন্ত বিষয়ের থেকেই প্রজ্ঞা নিজেকে লুকিয়ে রেখেছে| আকাশের পাখিরা পর্যন্ত প্রজ্ঞাকে দেখতে পায় না| 
মৃত্যু ও ধ্বংস বলে, ‘আমরা প্রজ্ঞাকে খুঁজে পাই নি| আমরা শুধু তার সম্পর্কে গুঞ্জন শুনেছি|’ 
“একমাত্র ঈশ্বরই প্রজ্ঞার পথ জানেন| একমাত্র ঈশ্বরই জানেন প্রজ্ঞা কোথায় থাকে| 
ঈশ্বর পৃথিবীর প্রান্ত পর্যন্ত দেখতে পান| আকাশের নীচে সব কিছুই ঈশ্বর দেখতে পান| 
ঈশ্বর বায়ুর গুরুত্ব নিরূপণ করেছেন| তিনিই বৃষ্টির নিয়ম 
এবং সেখানে কতটা জল থাকবে এবং মেঘ গর্জনের পথ স্থির করেছেন| 
সেই সময় ঈশ্বর প্রজ্ঞাকে দেখেছিলেন এবং এসম্পর্কে ভেবেছিলেন| ঈশ্বর দেখিয়েছিলেন প্রজ্ঞা কত মূল্যবান এবং ঈশ্বরই প্রজ্ঞার প্রতীক| 
ঈশ্বর মানুষকে বললেন: ‘প্রভুকে শ্রদ্ধা করো ও ভয় কর সেটাই প্রজ্ঞা| কোন মন্দ কাজ করো না এটাই সর্বোত্তম উপলদ্ধি|’” 
