﻿2 শমূয়েল.
15.
এরপর অবশালোম নিজের জন্য একটা রথ এবং অনেকগুলো ঘোড়া নিল| যখন সে রথ চালিয়ে যেত তখন তার রথের সামনে দৌড়াবার জন্য 50 জন লোকও থাকত| 
অবশালোম প্রতিদিন সকালে খুব ভোরে উঠে ফটকের কাছে এসে দাঁড়াত| অবশালোম এমন একজনকে খুঁজত যে তার সমস্যা নিয়ে বিচারের জন্য রাজা দায়ুদের কাছে যাচ্ছে| অবশালোম তার সঙ্গে কথা বলত| অবশালোম বলত, “কোন শহর থেকে তুমি আসছ?” লোকটা হয়তো বলত, “আমি ইস্রায়েলের অমূক পরিবারগোষ্ঠীর অমূক পরিবারের লোক|” 
তখন অবশালোম তাকে বলত, “দেখ, তুমি ঠিক বলেছ কিন্তু রাজা তো তোমার কথা শুনবেন না|” 
অবশালোম বলত, “আহা, আমার ইচ্ছা হয় কেউ বেশ আমাকে এই দেশের বিচারক করে দিত| তাহলে যারা সমস্যা নিয়ে আমার কাছে আসত তাদের প্রত্যেককে আমি সাহায্য করতে পারতাম| তার সমস্যার সুষ্ঠ সমাধান পেতে আমি তাকে সাহায্য করতে পারতাম|” 
যদি কোন ব্যক্তি অবশালোমের কাছে এসে মাথা নীচু করে, তাহলে সে তার সঙ্গে তার সবচেয়ে ভাল বন্ধুর মতই ব্যবহার করত| আবশালোম গিয়ে তাকে হাত বাড়িয়ে জড়িয়ে ধরত এবং চুম্বন করত| 
সমস্ত ইস্রায়েলীয়রা, যারা রাজা দায়ুদের কাছে ন্যায়ের জন্য আসত তাদের প্রত্যেকের সঙ্গেই অবশালোম এক রকম আচরণ করত| এই ভাবে অবশালোম ইস্রায়েলের লোকদের মন জয় করেছিল| 
চার বছর পর অবশালোম রাজা দায়ুদকে বলল, “হিব্রোণে থাকার সময় প্রভুর কাছে যে বিশেষ প্রতিজ্ঞা করেছিলাম তা পূরণ করার জন্য আমাকে যেতে দিন| 
অরামের গশূরে থাকার সময়েও আমি সেই একই প্রতিশ্রুতি করেছিলাম| আমি বলেছিলাম, ‘প্রভু যদি আমাকে জেরুশালেমে ফিরিয়ে আনেন, আমি প্রভুর সেবা করব|’” 
রাজা দায়ুদ বলেন, “শান্তিতে যাও|” অবশালোম হিব্রোণে চলে গেলেন| 
কিন্তু অবশালোম ইস্রায়েলের প্রত্যেকটা পরিবারগোষ্ঠীর কাছে গুপ্তচর পাঠাল| চররা লোকদের বলতে লাগল, “যখন তোমরা শিঙার রব শুনবে তখন বলবে ‘অবশালোম হিব্রোণের রাজা হয়েছে|’” 
অবশালোম তার সঙ্গে যাবার জন্য 200 জন লোককে ডাকল| তারা তার সঙ্গে জেরুশালেম থেকে চলে গেল কিন্তু তারা জানে না, সে কি পরিকল্পনা করেছে| 
অহীথোফল দায়ুদের অন্যতম একজন পরামর্শদাতা ছিল| অহীথোফল ছিল গীলো শহরের লোক| অবশালোম যখন উৎসর্গ নিবেদন করেছিল তখন সে অহীথোফলকে তার শহর গীলো থেকে ডেকে পাঠাল| অবশালোমের ফন্দি খুব ভালভাবেই কার্যকরী হয়েছিল এবং বহু লোক তাকে সমর্থন করেছিল| 
দায়ুদকে সংবাদ দিতে একজন লোক এলো| সে বলল, “ইস্রায়েলের লোকরা অবশালোমকে অনুসরণ করতে শুরু করেছে|” 
তারপর দায়ুদ জেরুশালেমে বসবাসকারী তাঁর সব আধিকারিকদের বললেন, “আমরা পালিয়ে যাব| আমরা যদি পালিয়ে না যাই, অবশালোম আমাদের যেতে দেবে না| তাড়াতাড়ি কর, যেন অবশালোম আমাদের ধরতে না পারে| সে আমাদের এবং জেরুশালেমের সব লোককে মেরে ফেলবে|” 
রাজার আধিকারিকরা তাঁকে বলল, “আপনি আমাদের যা বলবেন, আমরা তাই করব|” 
রাজা দায়ুদ লোকজন সহ পালিয়ে গেলেন| রাজা তাঁর বাড়ী দেখাশোনা করার জন্য তাঁর দশজন উপপত্নীকে রেখে গেলেন| 
রাজা চলে যেতে সব লোকরাও তাঁকে অনুসরণ করল| শেষ বাড়ীতে গিয়ে তারা থামল| 
তাঁর সমস্ত আধিকারিক তাঁর সামনে দিয়ে হেঁটে সবলে গেল| করেথীয়, পলেথীয় এবং (গাতের 600 পুরুষ) রাজার সামনে দাঁড়াল| 
রাজা গাতের ইত্তয়কে বললেন, “কেন তুমিও আমাদের সঙ্গে যাচ্ছ? ফিরে যাও| নতুন রাজা অবশালোমের সঙ্গে যোগ দাও| তুমি একজন ভিন্দেশী| এটা তোমার দেশ নয়| 
কেবলমাত্র গতকাল তুমি আমাদের সঙ্গে যোগ দিয়েছ| তুমি নিশ্চয়ই আমার সঙ্গে এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়াবে না? তুমি তোমার ভাইদের নাও এবং যাও| তোমার প্রতি দয়া ও আনুগত্য প্রদর্শিত হোক্্|” 
কিন্তু ইত্তয় রাজাকে উত্তর দিল, “আমি প্রভুর নামে শপথ নিয়ে বলছি, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমি আপনার সঙ্গেই থাকব!” 
দায়ুদ ইত্তয়কে বললেন, “এসো, আমরা কিদ্রোণ স্রোত পার হয়ে যাই|” তখন গাতের ইত্তয় এবং তার সব লোক তাদের ছেলে-মেয়েসহ কিদ্রোণ স্রোত পার হয়ে গেল| 
সব লোকরা উচ্চৈস্বরে কাঁদছিল| রাজা দায়ুদ কিদ্রোণ স্রোত পার হয়ে গেলেন| তারপর সব লোক মরুভূমির পথে পা বাড়াল| 
সাদোক এবং তার সঙ্গে অন্যান্য লেবীয়রা ঈশ্বরের পবিত্র সিন্দুক বয়ে নিয়ে যাচ্ছিল| তারা ঈশ্বরের পবিত্র সিন্দুক নামিয়ে রাখল| যতক্ষণ পর্যন্ত না সব লোক জেরুশালেম ত্যাগ করল, ততক্ষণ পর্যন্ত অবিয়াথর পবিত্র সিন্দুকের পাশে দাঁড়িয়ে রইলেন এবং প্রার্থনা করলেন| 
রাজা দায়ুদ সাদোককে বললেন, “ঈশ্বরের পবিত্র সিন্দুক জেরুশালেমে নিয়ে যাও| প্রভু যদি আমার প্রতি প্রসন্ন হন, তিনি আবার আমায় জেরুশালেমে ফিরিয়ে আনবেন এবং আমাকে জেরুশালেম ও তাঁর আবাস স্থান দেখতে দেবেন| 
আর যদি প্রভু আমার প্রতি প্রসন্ন না হন, তিনি আমার প্রতি তাঁর যা ইচ্ছা তাই করতে পারেন|” 
রাজা যাজক সাদোককে বললেন, “তুমিও একজন ভাববাদী| তুমি শান্তিতে নগরীতে ফিরে যাও| তোমার পুত্র অহীমাস এবং অবীয়াথরের পুত্র যোনাথনকে সঙ্গে নিয়ে এস| 
মরুভূমিতে যাবার জন্য যে জায়গায় সবাই নদী পার হয়, সেখানে আমি তোমার কাছ থেকে কোন খবর না পাওয়া পর্যন্ত অপেক্ষা করব|” 
সেই মত, সাদোক এবং অবীয়াথর ঈশ্বরের পবিত্র সিন্দুক জেরুশালেমে নিয়ে গিয়ে রেখে দিল| 
দায়ুদ জৈতুন পর্বতে উঠলেন| তিনি কাঁদছিলেন| তিনি মাথা ঢেকে খালি পায়ে গেলেন| অন্যান্য সকলে মাথা ঢেকে দায়ুদের সঙ্গে গেল| তারাও কাঁদতে কাঁদতে দায়ুদের সঙ্গে গেল| 
একজন লোক দায়ুদকে বলল, “যারা অবশালোমের সঙ্গে ফন্দি আঁটছে অহীথোফল তাদের মধ্যে একজন|” তখন দায়ুদ প্রার্থনা করলেন, “প্রভু আমরা তোমার কাছে প্রার্থনা করি তুমি অহীথোফলের চক্রান্ত ব্যর্থ কর|” 
দায়ুদ পর্বতের শিখরে এলেন| এখান থেকে তিনি মাঝে মাঝে ঈশ্বরের উপাসনা করতেন| সেই সময় অর্কীয় হূশয় তাঁর কাছে এল| তার মাথায় ধূলোবালি এবং পরণে ছিন্নবস্ত্র| 
দায়ুদ হূশয়কে বললেন, “যদি তুমি আমার সঙ্গে যাও তাহলে আমাকে দেখাশোনা করবার জন্য তুমি হবে আর একজন ব্যক্তি| 
কিন্তু যদি তুমি জেরুশালেমে ফিরে যাও তবে তুমি অহীথোফলের চক্রান্তকে ব্যর্থ করতে পারবে| অবশালোমকে গিয়ে বল, ‘হে রাজা আমি আপনার দাস| আমি আপনার পিতার সেবা করেছি| এখন আমি আপনার সেবা করব|’ 
সাদোক এবং অবিয়াথর যাজকগণ তোমার সঙ্গে থাকবেন| রাজার বাড়ীতে তুমি যা যা শুনেছ, তুমি অবশ্যই তাদের সবই বলে দেবে| 
সাদোকের পুত্র অহীমাস এবং অবিয়াথরের পুত্র যোনাথন তাদের সঙ্গে থাকবে| তুমি রাজার প্রাসাদে যা কিছু শুনবে, তা ওদের মাধ্যমে আমাকে জানাতে থাকবে|” 
তারপর দায়ুদের বন্ধু হূশয় সেই শহরে চলে গেল| অবশালোমও জেরুশালেমে এল| 
