﻿গণনা.
10.
প্রভু মোশিকে বললেন: 
“দুটি রূপোর শিঙা তৈরী কর| শিঙা দুটি তৈরী করার জন্য পেটানো রূপো ব্যবহার কর| লোকদের একসঙ্গে ডাকার জন্য এবং শিবির স্থানান্তরের সময় বলার জন্য এই শিঙা দুটি ব্যবহার করা হবে| 
যদি শিঙা দুটি এক সাথে দীর্ঘ সুরে জোরে বাজাও, তাহলে সব লোক যেন সমাগম তাঁবুর প্রবেশ পথে তোমার সামনে আসে| 
কিন্তু যদি তুমি তোমার সঙ্গে দেখা করার জন্য নেতাদের অর্থাৎ‌ ইস্রায়েলের বারোটি পরিবারগোষ্ঠীর প্রধানদের জড়ো করতে চাও, তাহলে কেবলমাত্র একটি শিঙাকেই দীর্ঘ সুরে বাজাবে| 
“শিঙা দুটি অল্পক্ষণের জন্য বাজানো হলে বোঝাবে যে শিবিরকে সরিয়ে নিয়ে যেতে হবে| তখন সমাগম তাঁবুর পূর্বদিকে যে পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করেছে তারা অবশ্যই চলতে শুরু করবে| 
দ্বিতীয়বার শিঙা দুটিকে অল্পক্ষণের জন্য বাজালে সমাগম তাঁবুর দক্ষিণদিকে যে পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করেছে তারা চলতে শুরু করবে| 
কিন্তু যদি বিশেষ সভার জন্য লোকদের এক জায়গায় একত্রিত করতে চাও, তাহলে শিঙা দুটিকে দীর্ঘ সময় ধরে কিন্তু অন্যভাবে বাজাবে| 
কেবলমাত্র হারোণের পুত্ররা এবং যাজকরা শিঙা দুটিকে বাজাবে| এই বিধি তোমাদের এবং তোমাদের পরবর্তী বংশধরদের জন্য চিরকালীন বিধি| 
“যদি তুমি তোমার কোনো শত্রুর সঙ্গে তোমার নিজের দেশে যুদ্ধ করতে যাও, তাহলে তুমি তাদের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার আগে শিঙা দুটিকে অল্প সময়ের জন্য জোরে বাজাবে| প্রভু তোমার ঈশ্বর, তোমার শিঙার আওয়াজ শুনতে পাবেন এবং তিনি তোমাকে তোমার শত্রুদের হাত থেকে বাঁচাবেন| 
এছাড়াও তোমার বিশেষ সভার সময়, অমাবস্যার দিনগুলোতে এবং তোমাদের সকলের সুখের সমাবেশে এই শিঙা দুটিকে বাজাবে| তুমি যখন তোমার হোমবলি এবং মঙ্গল নৈবেদ্য প্রদান করবে সেই সময়ও শিঙা দুটিকে বাজাবে| প্রভু, তোমার ঈশ্বর তোমাকে যেন মনে রাখেন, সে জন্যই এই বিশেষ পদ্ধতি| এটি করার জন্য আমি তোমাকে আদেশ করছি; আমিই প্রভু তোমার ঈশ্বর|” 
ইস্রায়েলের লোকরা মিশর ত্যাগ করার পরে, দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসের 20 তম দিনে চুক্তির তাঁবুর ওপর থেকে মেঘ উঠল| 
তাই ইস্রায়েলের লোকরা তাদের যাত্রা শুরু করল| তারা সীনয় মরুভূমি ত্যাগ করে পারণ মরুভূমিতে মেঘ থামা পর্যন্ত ভ্রমণ করল| 
এই প্রথম লোকরা তাদের শিবির স্থানান্তর করল| প্রভু মোশিকে যেমন আদেশ করলেন, সেই ভাবেই তারা এটিকে স্থানান্তর করল| 
যিহূদার শিবির থেকে প্রথমে তিনটি গোষ্ঠী গেল| তারা তাদের পতাকা নিয়েই ভ্রমণ করল| প্রথম গোষ্ঠীটি ছিল যিহূদার পরিবারগোষ্ঠী| অম্মীনাদবের পুত্র নহশোন ছিল ঐ গোষ্ঠীর দল নেতা| 
এরপর এলেন ইষাখরের পরিবারগোষ্ঠী| সূয়ারের পুত্র নথনেল ছিল ঐ গোষ্ঠীর দল নেতা| 
তারপরে এল সবূলূনের পরিবারগোষ্ঠী| হেলোনের পুত্র ইলীয়াব ছিল ঐ গোষ্ঠীর দল নেতা| 
এরপর পবিত্র তাঁবুটিকে তোলা হল, গের্শোন এবং মরারি পরিবারের লোকরা পবিত্র তাঁবুটিকে বহন করছিল, সুতরাং এই পরিবারের লোকরা সারিতে ঠিক তার পরেই ছিল| 
এরপর রূবেণের শিবির থেকে তিনটি গোষ্ঠী তাদের পতাকাসহ ভ্রমণ করল| প্রথম গোষ্ঠীটি ছিল রূবেণের পরিবারগোষ্ঠী| শদেয়ূরের পুত্র ইলীয়ুর ছিল এই গোষ্ঠীর দল নেতা| 
এরপর শিমিয়োনের পরিবারগোষ্ঠী এল| সুরীশদ্দয়ের পুত্র শলূমীয়েল ছিল এই গোষ্ঠীর দল নেতা| 
এবং তারপরে এসেছিল গাদের পরিবারগোষ্ঠী| দ্যূয়েলের পুত্র ইলীয়াসফ ছিল এই গোষ্ঠীর দল নেতা| 
কহাত্‌ পরিবার, যারা পবিত্র তাঁবু বহন করত, এরপর তারা যাত্রা শুরু করল কারণ নতুন জায়গায় আসামাত্রই তাদের তাঁবুটি স্থাপন করতে হবে| 
এরপর ইফ্রয়িমের শিবির থেকে তিনটি গোষ্ঠী এল| তারা তাদের পতাকাসহ ভ্রমণ করেছিল| প্রথম গোষ্ঠীটি ছিল ইফ্রয়িমের পরিবারগোষ্ঠী| অম্মীহূদের পুত্র ইলীশামা ছিল ঐ গোষ্ঠীর দলনেতা| 
এরপর এসেছিল মনঃশির পরিবারগোষ্ঠী| পদাহসূরের পুত্র গমলীয়েল ছিল এই গোষ্ঠীর দলনেতা| 
এরপর এল বিন্যামীনের পরিবারগোষ্ঠী| গিদিয়োনির পুত্র অবীদান ছিল ঐ গোষ্ঠীর দলনেতা| 
শেষ তিনটি পরিবারগোষ্ঠী ছিল অন্যান্য সকল পরিবারগোষ্ঠীর পশ্চাদভাগরক্ষী| তারা ছিল দানের শিবিরের গোষ্ঠীভুক্ত| তারা তাদের পতাকা নিয়ে ভ্রমণ করল| প্রথম গোষ্ঠীটি ছিল দানের পরিবারগোষ্ঠী| অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর ছিল এই গোষ্ঠীর দল নেতা| 
এরপরে এল আশেরের পরিবারগোষ্ঠী অক্রণের পুত্র পগীয়েল ছিল ঐ গোষ্ঠীর দল নেতা| 
এরপরে এল নপ্তালি পরিবারগোষ্ঠী| ঐননের পুত্র অহীরঃ ছিল ঐ গোষ্ঠীর দল নেতা| 
স্থানান্তরে যাবার সময় ইস্রায়েলের লোকরা এইভাবেই একসাথে যেত| 
মিদিয়োনীয় রূয়েলের পুত্র ছিল হোবব| (রূয়েল ছিল মোশির শ্বশুর|) মোশি হোরবকে বলল, “আমরা সেই দেশের উদ্দেশ্যে যাত্রা করছি যেটা ঈশ্বর আমাদের দেবেন বলে প্রতিশ্রুতি করেছিলেন| আমাদের সঙ্গে এসো আমরা তোমার সঙ্গে ভালো ব্যবহার করবো| প্রভু ইস্রায়েলীয়দের পক্ষে মঙ্গল প্রতিজ্ঞা করেছেন|” 
কিন্তু হোবব উত্তর দিল, “না, আমি তোমাদের সঙ্গে যাবো না| আমি আমার জন্মভূমিতে, আমার নিজের লোকদের কাছে ফিরে যাবো|” 
তখন মোশি বলল, “দয়া করে আমাদের ছেড়ে যাবেন না| আপনি মরুভূমি সম্পর্কে আমাদের থেকেও বেশী জানেন| আপনি আমাদের পথ প্রদর্শক হতে পারেন| 
আপনি যদি আমাদের সঙ্গে আসেন তাহলে প্রভু আমাদের যে সকল উত্তম বিষয়ের অধিকারী করবেন, সেটা আমরা আপনার সঙ্গে ভাগ করে নেব|” 
এতে হোবব রাজী হল এবং তারা প্রভুর পাহাড়ের চূড়া থেকে যাত্রা শুরু করল এবং তিন দিন পথে চলল| যাজকগণ প্রভুর সঙ্গে চুক্তির সিন্দুকটি নিয়ে লোকদের আগে আগে হাঁটল| শিবিরের জন্য স্থান অন্বেষণে তারা তিনদিন পবিত্র সিন্দুকটিকে বহন করল| 
প্রত্যেক দিনই প্রভুর মেঘ তাদের ওপরেই থাকত এবং প্রত্যেক দিন সকালে তারা যখন শিবির ত্যাগ করত, তখন মেঘ তাদের পথ প্রদর্শন করত| 
শিবির স্থানান্তরের জন্য লোকরা যখনই পবিত্র সিন্দুকটিকে ওঠাতো, মোশি তখনই প্রত্যেকবারের মত বলত, “প্রভু তুমি ওঠ! তোমার শত্রুরা ছড়িয়ে ছিটিয়ে যাক| তোমার শত্রুরা তোমার কাছ থেকে পালিয়ে যাক|” 
যখনই পবিত্র সিন্দুকটিকে তার নিজের জায়গায় রাখা হত, মোশি তখনই প্রত্যেকবারের মত বলত, “প্রভু তুমি, কোটি কোটি ইস্রায়েলীয়দের কাছে ফিরে এসো|” 
