﻿লেবীয়.
8.
প্রভু মোশিকে বললেন, 
“হারোণ ও তার পুত্রদের সঙ্গে নাও| সেই সঙ্গে নাও পোশাক-পরিচ্ছদ, অভিষেকের জন্য তেল, পাপমোচনের নৈবেদ্যর ষাঁড়, দুটি পুরুষ মেষ এবং খামিরবিহীন রুটির ঝুড়ি| 
তারপর লোকদের একসঙ্গে সমাগম তাঁবুর প্রবেশ মুখে নিয়ে এসো|” 
প্রভুর আদেশ মতই মোশি সব কাজ করল| লোকরা সমাগম তাঁবুর প্রবেশ মুখে একসঙ্গে দেখা করল| 
তখন মোশি লোকদের বলল, “প্রভু আদেশ করেছেন এ হল তাই এবং তা অবশ্য কর্তব্য|” 
তারপর মোশি হারোণ ও তার পুত্রদের নিয়ে এল| জল দিয়ে সে তাদের ধৌত করল| 
এরপর মোশি হারোণকে বোনা অঙ্গরক্ষিণী পরালো এবং তার কোমরের চারপাশে কটিবন্ধ জড়াল| তারপর মোশি হারোণের গায়ে পোশাক পরিয়ে গায়ে এফোদ জড়াল এবং বোনা পটুকাতে গা বেষ্টন করে তা বাঁধল| এইভাবে মোশি হারোণের গায়ে এফোদ পরাল| 
মোশি হারোণের বুকে বক্ষাবরণ পরিয়ে দিল| তারপর সে বক্ষাবরণের ভেতরে উরীম ও তূম্মীম রাখল| 
মোশি হারোণের মাথা লম্বা কাপড় জড়ানো পাগড়ি দিয়ে ঢেকে দিল| এক টুকরো সোনা পাগড়ির সামনেটায বসিয়ে দিল| এই সোনার টুকরোটা হল পবিত্র মুকুট| প্রভুর আজ্ঞা মতই মোশি এটা করেছিল| 
এরপর মোশি অভিষেকের তেল নিল এবং পবিত্র তাঁবুর ওপর ও তার ভেতরের সমস্ত জিনিসের ওপর তা ছিটিয়ে দিল| এইভাবে মোশি তাদের পবিত্র করল| 
মোশি বেদীর ওপর ঐ তেলের কিছুটা সাতবার ছিটিয়ে দিল| মোশি বেদীর ওপর এবং তত্সংলগ্ন থালায়, গামলায় এবং তার তলদেশে তেল ছিটিয়ে সব কিছুকে পবিত্র করল| 
তারপর কিছুটা অভিষেকের তেল নিয়ে সে হারোণের মাথায় ঢালল, এইভাবে মোশি হারোণকে পবিত্র করল| 
মোশি এরপর হারোণের পুত্রদের নিয়ে এসে তাদের বোনা অঙ্গরক্ষিণী পরাল| পরে তাদের গায়ে কটিবন্ধ জড়িয়ে দিল| তারপর তাদের মাথায় ফেট্টি বাঁধল| প্রভুর আজ্ঞামতই মোশি এসব করল| 
এরপর মোশি পাপ মোচন নৈবেদ্যর ষাঁড়টিকে নিয়ে এল| পাপ মোচন নৈবেদ্যর ষাঁড়ের মাথার ওপর হারোণ ও তার পুত্ররা হাত রাখল| 
তারপর মোশি ষাঁড়টিকে হত্যা করে তার রক্ত সংগ্রহ করল| মোশি তার আঙুল দিয়ে কিছু রক্ত বেদীর সব কোণে লাগাল| এইভাবে মোশি বেদীটিকে বলির উপযোগী করে তৈরী করল| তারপর সে বেদীর মেঝেয রক্ত ঢেলে দিল| লোকদের পাপ মুক্ত করার জন্য এইভাবে মোশি বেদীটিকে বলির জন্য তৈরী রাখল| 
সে যকৃৎ থেকে সব চর্বি বার করে নিল এবং সেই সঙ্গে দুটি বৃক্ক ও তাদের ওপরকার সব চর্বিটুকু নিয়ে সেই বেদীর ওপর তাদের পোড়াল| 
কিন্তু মোশি ষাঁড়ের চামড়া, তার মাংস এবং শরীরের বর্জ্য পদার্থকে তাঁবুর বাইরে নিয়ে এল| তাঁবুর বাইরে আগুনে মোশি সেগুলিকে পোড়াল| প্রভুর আজ্ঞামতই মোশি এসব করল| 
এরপর মোশি হোমবলির জন্য পুরুষ মেষকে নিয়ে এল| হারোণ এবং তার পুত্ররা সেই পুরুষ মেষের মাথায় তাদের হাত রাখল| 
মোশি তারপর পুরুষ মেষটিকে হত্যা করল| সে বেদীর চারপাশে ও বেদীর ওপরে পুরুষ মেষটির রক্ত ছিটিয়ে দিল| 
মোশি পুরুষ মেষটিকে টুকরো টুকরো করে কাটল| সে ভিতরের অংশগুলি ও পা জল দিয়ে ধুয়ে দিল, তারপর বেদীর ওপর গোটা পুরুষ মেষটিকে পোড়াল| মোশি মাথা ও শরীরের টুকরোগুলো এবং চর্বি পোড়াল| এ হল আগুনের তৈরী হোমবলি| এর গন্ধ প্রভুকে খুশী করে| প্রভুর আজ্ঞামত মোশি ঐগুলি করল| 
তারপর মোশি অন্য পুরুষ মেষটিকে নিয়ে এল| হারোণ আর তার পুত্রদের যাজক হিসাবে নির্দিষ্ট করার জন্যই এই পুরুষ মেষটি ব্যবহার করা হয়েছিল| তারা এই পুরুষ মেষটির মাথায় তাদের হাত রেখেছিল| 
এরপর মোশি পুরুষ মেষটিকে হত্যা করল| এর কিছুটা রক্ত সে হারোণের কানের লতিতে, তার ডান হাতের বুড়ো আঙুলে এবং হারোণের ডান পায়ের বুড়ো আঙুলের মাথায় ছোঁয়াল| 
তারপর সে হারোণের পুত্রদের বেদীর কাছাকাছি নিয়ে এল| রক্তের কিছুটা তাদের ডান কানের লতিতে, ডান হাতের বুড়ো আঙুলে এবং ডান পায়ের বুড়ো আঙুলের মাথায় লাগিয়ে দিল| এরপর সে বেদীর চারপাশে রক্ত ছিটিয়ে দিল| 
এরপর মোশি চর্বি, লেজ, ভিতরের সমস্ত অংশগুলোর চর্বি, যকৃৎ ঢাকা চর্বি, বৃক্ক দুটি এবং তাদের চর্বি এবং ডান দিকের উরু নিল| 
প্রত্যেকদিন প্রভুর সামনে এক ঝুড়ি ভর্ত্তি খামিরবিহীন রুটি রাখা হত| মোশি এই রুটিগুলির একটি, তেল মাখানো রুটির একটি ও একটি খামিরবিহীন পাতলা রুটি নিল| সেই সব রুটির টুকরোগুলো মোশি চর্বির ওপর এবং পুরুষ মেষের ডান উরুর ওপর রাখল| 
তারপর মোশি সেই সমস্ত কিছু হারোণ ও তার পুত্রদের হাতে দিয়ে দিল| টুকরোগুলোকে মোশি দোলনীয় নৈবেদ্যরূপে প্রভুর সামনে দোলালো| 
তারপর হারোণ ও তার পুত্রদের হাত থেকে সেগুলিকে নিয়ে মোশি বেদীর হোমবলির ওপর পোড়াল| হারোণ ও তার পুত্রদের যাজক হিসাবে নিয়োগ করার জন্যই এই নৈবেদ্য| এ নৈবেদ্য আগুনের দ্বারা তৈরী নৈবেদ্য| এর গন্ধ প্রভুকে খুশী করে| 
মোশি বক্ষদেশটা নিয়ে প্রভুর সামনে তা দোলনীয় নৈবেদ্য হিসেবে দোলাল| যাজকদের নিয়োগ করার ব্যাপারে পুরুষ মেষের এই অংশ হল মোশির অংশ| মোশি প্রভুর আজ্ঞামতই এসব কাজ করল| 
মোশি বেদীর ওপর পড়ে থাকা অভিষেকের তেলের কিছুটা ও কিছুটা রক্ত নিয়ে হারোণের ওপর এবং হারোণের পোশাকের ওপর ছিটিয়ে দিল| হারোণের সঙ্গে সেবারত ছেলেদের এবং তাদের পোশাকের ওপরেও কিছুটা ছিটিয়ে দিল| এইভাবে মোশি হারোণ, তার কাপড়-চোপড়, তার ছেলেদের এবং ছেলেদের কাপড়-চোপড় শুচিশুদ্ধ করল| 
তারপর মোশি হারোণ ও তার পুত্রদের জিজ্ঞাসা করল, “আমার আদেশ তোমাদের মনে পড়ে তো? আমি বলেছিলাম, ‘হারোণ এবং তার পুত্ররা এই সমস্ত জিনিস অবশ্যই আহার করবে|’ সুতরাং যাজক নির্বাচনের অনুষ্ঠান থেকে রুটির ঝুড়ি আর মাংস নিয়ে নিও| সমাগম তাঁবুর প্রবেশ মুখে মাংসটাকে সিদ্ধ করো| সেই খানেই মাংস আর রুটি খেও| আমি যা বলছি সেইমতো এটা করো| 
যদি মাংস বা রুটির কোন কিছু পড়ে থাকে তবে তা পুড়িয়ে ফেল| 
যাজক নির্বাচনের অনুষ্ঠান চলবে সাতদিন ধরে| সেই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তোমরা অবশ্যই সমাগম তাঁবুর প্রবেশ পথ ছাড়বে না| 
আজ যা করা হল, প্রভু সেইসব করতেই আজ্ঞা দিয়েছেন| তোমাদের শুচি করতেই তিনি এই সব আজ্ঞা দিয়েছেন| 
তোমরা অবশ্যই সমাগম তাঁবুর প্রবেশ মুখে সাতদিন ধরে দিনরাত থাকবে| যদি তোমরা প্রভুর আজ্ঞা না মানো তাহলে তোমরা মারা যাবে| প্রভু আমাকে এইসব আজ্ঞা দিয়েছেন|” 
তাই হারোণ ও তার পুত্ররা প্রভু মোশিকে যা যা করতে আজ্ঞা দিয়েছিলেন সেসবই করল| 
